বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালন
ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্নদের মূল ধারায় সম্পৃক্ত করার অঙ্গীকার
মেডিভয়েস রিপোর্ট: ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের সমাজের মূলস্রোতধারায় সম্পৃক্ত করে তাদের সহায়তা ব্যবস্থার প্রসার ঘটনোর প্রত্যাশা ব্যক্ত করে পালিত হয়েছে বিশ্বে ২০তম এবং বাংলাদেশে ১২তমবারের মতো বিশ্ব ডাউন সিনড্রোম দিবস ২০২৫।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে শিল্পকলা একাডেমির চারুকলা মিলনায়তনে যৌথভাবে এক সেমিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ, আমডা বাংলাদেশ ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল।
অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মো. ওয়ারেছ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান।
ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সরদার এ রাজ্জাক অনুষ্ঠনে স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্য পরবর্তী ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের পরিবেশনায় নৃত্যশৈলী প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শামীমা ফেরদৌস, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক ফজলে সিদ্দিক মো. ইয়াহিয়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সরকারের উপসচিব মো. রেজাউল করিম, সমাজসেবা অধিদপ্তরের ঢাকা জেলার উপ-পরিচালক আবু সাঈদ মো. কাউসার রহমান, সমাজসেবা কার্যালয়, খিলগাঁওয়ের কর্মকর্তা শাহীনা আক্তার সুইটি, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার এ নাঈম প্রমূখ।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের মাঝে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ শিক্ষা বিশেষজ্ঞ টি এম আসাদুজ্জামান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ওয়াসিফ এম আলম, সুইড বাংলাদেশের মহাসচিব মাহবুবুল মুনির, তরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব আশফাক উল কবির, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের নির্বাহী পরিচালক মুরাদ হোসেন খান।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের সমাজের মূলস্রোতধারায় সম্পৃক্ত করে তাদের সহায়তা ব্যবস্থার প্রসার ঘটাতে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এ ছাড়াও এই অনুষ্ঠানে দ্য ডাউন সিনড্রোম ভয়েসের দশম সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার ও সেলফ অ্যাডভোকেট লিড আহমাদ ইবনে সালেহ।
এমআই/ এমইউ