০৯ এপ্রিল, ২০২৫ ০৯:৫৩ এএম

সরকারি হাসপাতালে থাকবে ফার্মেসি, তিন ভাগের এক ভাগ দামে মিলবে ২৫০ ওষুধ

সরকারি হাসপাতালে থাকবে ফার্মেসি, তিন ভাগের এক ভাগ দামে মিলবে ২৫০ ওষুধ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের প্রতিটি সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করবে সরকার। বহুল ব্যবহৃত ২৫০ ধরনের ওষুধ মিলবে এসব ফার্মেসিতে। ওষুধও কেনা যাবে তিন ভাগের এক ভাগ দামে। 

মঙ্গলবার (৮ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। 

তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই। এটা হবে একটা নতুন বন্দোবস্ত, যা চালু করতে হবে। সরকারি সব হাসপাতাল এবং ক্লিনিক এই ফার্মেসি করা হবে।

সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের বেশ উপকারে আসবে বলে মনে করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। বলেন, তাদের লক্ষ্য হলো, ওষুধের খরচ কমিয়ে স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে আরও সহজলভ্য করা। সরকারি ফার্মেসি চালু হলে, এর মাধ্যমে ৮৫ শতাংশ রোগীর চিকিৎসা সম্ভব হবে, যা স্বাস্থ্য খাতের জন্য একটি বিপ্লবী পদক্ষেপ।

তবে সরকারি ফার্মেসি সুষ্ঠুভাবে কার্যকর করতে ওষুধ চুরি ঠেকানোর চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তা মোকাবিলা করতে ডিজিটাল ব্যবস্থাপনা চালু করা হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী বলেন, প্রতি বছর সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) প্রায় ১৩০০ কোটি টাকার ওষুধ কিনে। এখন থেকে এই খাতে বাজেট বাড়ানো হবে। বেশি পরিমাণে ওষুধ কেনা হবে। প্রয়োজনীয় ওষুধ সময়মতো সরবরাহ করার বিষয়টি নিশ্চিত করা হবে।

গ্লোবাল হেলথ এক্সপেনডিচার ডেটাবেজ সূত্র মতো, বাংলাদেশে চিকিৎসা বাবদ ব্যক্তির পকেট থেকে খরচ হয় ৭৩ শতাংশ। এ ব্যয় মেটাতে গিয়ে অনেক রোগীর পরিবারে বিপর্যয় নেমে আসে। অনেকে চলে যান দারিদ্র্যসীমার নিচে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের এই ফার্মেসি ব্যবস্থা একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

এসআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক