রাজশাহীতে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক মেডিকেল ও নার্সিং শিক্ষার্থীদের
মেডিভয়েস রিপোর্ট: ফিলিস্তিনে দখলদার ইসরায়েলিদের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে রাজশাহীর রাজপথে নেমেছেন মেডিকেল ও নার্সিংয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ইসরায়েলি সকল পণ্য বয়কট করার ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার (৭ এপ্রিল) নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ এবং ইসলামী ব্যাংক নার্সিং কলেজের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কলেজ দুটির শিক্ষক, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বলেন, ফিলিস্তিনে গণহত্যা মানবতাবিরোধী অপরাধ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে আর কখনো ইসরায়েলি পণ্য ব্যবহার করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। কর্মসূচি থেকে ইসরায়েলের সকল পণ্য বয়কট করা হলো। এ সময় দেশীয় পণ্য ব্যবহারের প্রতি উদ্বুদ্ধ করেন তারা।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী মহিউদ্দিন, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফাতেমা সিদ্দিকা, এনেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, অর্থপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুর রশিদ, মেডিসিন বিভাগের প্রধান ডা. আব্দুল্লাহ আল কাফী, অধ্যাপক ডা. মামুনুর রশিদ ও পেডিয়াট্রিক্স বিভাগের প্রধান ডা. মফিজুল ইসলাম প্রমুখ। এছাড়া ইসলামী ব্যাংক নার্সিং কলেজের অধ্যক্ষ রওশন আক্তারা বেগম ও প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান মিলন কর্মসূচিতে অংশ নেন।
এমআই/টিআই/এনএআর/