ফরিদপুরে চিকিৎসকের উপর হামলা, সেই ছাত্রলীগ নেতা কারাগারে
মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহিন আক্তার জোয়ারদারের উপর হামলার ঘটনায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতা মুত্তাকিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৯ মার্চ) জেলার কোতয়ালি থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর মৌচাক এলাকা থেকে মামলার প্রধান আসামি মুত্তাকিনকে গ্রেপ্তার করে পুলিশ। ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর বুধবার মুত্তাকিনকে আদালতে প্রেরণ করা হয়। এ নিয়ে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ৬ আসামির মধ্যে এর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ছাত্রলীগ নেতা মুত্তাকিনের নেতৃত্বে কয়েকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ঢুকে অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক শাহিন জোয়ারদারের ওপরে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। মুত্তাকিন জেলার পশ্চিম খাবাসপুরের আলমগীর হোসেনের ছেলে। তিনি ছাত্রলীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য।
এনএআর/