বেসরকারি চিকিৎসক নার্সদের বেতন কাঠামো নির্ধারণ করবে সরকার: ডা. সায়েদুর রহমান
মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সর্বনিম্ন বেতন কাঠামো সরকার নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে যেসব চিকিৎসক কর্মরত থাকেন, তাঁদের একটি বেতন কাঠামো (পে-স্কেল) দাবি করা হয়েছে। আসলে তাঁদের পে-স্কেল দেওয়াটা একটা দুরূহ বিষয়। কারণ, এটি ইউনিফর্ম কাঠামো নয়। ঢাকা, বিভিন্ন মহানগর, জেলা শহর, উপজেলা শহর, বিভিন্ন চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের বেতনক্রম ভিন্ন হবে।’ তিনি বলেন, ‘তবে চিকিৎসকদের জন্য একটি সর্বনিম্ন বেতন কাঠামোর প্রস্তাব দেব। বেসরকারি যেসব চিকিৎসাসেবা প্রতিষ্ঠান আছে, তাদের মালিকদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুতই আমরা একটি সর্বনিম্ন বেতন চিকিৎসক এবং চিকিৎসকদের সহায়ক নার্সসহ অন্যদের জন্য প্রণয়নের চেষ্টা করব। আমরা আশাবাদী যে আমরা অল্প দিনের মধ্যেই সর্বনিম্ন বেতন ঘোষণা করতে সক্ষম হব।’
অধ্যাপক সায়েদুর রহমান আরও বলেন, চিকিৎসক নিয়োগের একটা কথা আসছে, অনেক চিকিৎসক নিয়োগ করতে হবে। ৪৫, ৪৬ ও ৪৭ এই তিন বিসিএসের মাধ্যমে ৪৫০, ১৬৮২ এবং ১৩৩১ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান। তারপরও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসক অভাবের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের জন্য চিঠি পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
তিনি বলেন, চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা বাড়ানোর জন্য আমরা একটি চিঠি পাঠিয়েছিলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ে, সেটা হয়নি। গত ৫ মার্চ এ বিষয়টিকে পুনরায় বিবেচনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুরোধপত্র পাঠানো হয়েছে। এতে চিকিৎসকদের বিসিএস দেওয়ার বয়সসীমা ৩৪ বছর করার প্রস্তাব করা হয়েছে।
টিআই/