০২ মার্চ, ২০২৫ ০৪:২২ পিএম

চিকিৎসকদের একাডেমিক শাটডাউন ও কর্মবিরতি প্রত্যাহার

চিকিৎসকদের একাডেমিক শাটডাউন ও কর্মবিরতি প্রত্যাহার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পাঁচ দফা দাবিতে একাডেমিক শাটডাউন ও কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। শনিবার (১লা মার্চ) ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন নবী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে। আগামী ১২ মার্চ পর্যন্ত চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার চলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

শনিবার (১ মার্চ) একটি প্রতিনিধি দল পাঁচ দফা দাবি ও শাটডাউন, কর্মবিরতি ইস্যুতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে এ বিবৃতি প্রকাশ করে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস।

বিবৃতিতে বলা হয়, বিএমডিসি অ্যাক্ট ২০১০ কে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছে। যার রায় আগামী ১২ তারিখ হওয়ার কথা, স্যাররা সে রায়ের ব্যাপারে আমাদেরকে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা রাখতে বলেছেন। এরপরও ১২ তারিখ সন্ধ্যার জন্য সবাইকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে। স্বাস্থ্যখাতের সংকট নিরসনে চিকিৎসকদের জন্য নতুন পাঁচ হাজার নিয়োগ বরাদ্দ করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। পরবর্তীতে পাস করা প্রত্যেক ব্যাচ বৈষম্যহীনভাবে যাতে সমান ও সর্বোচ্চ সংখ্যক বিসিএস লাভ করে এজন্য নিরন্তর কাজ চলমান রয়েছে।

এ ছাড়া ৯০ দিনের মধ্যেই চিকিৎসক সুরক্ষা আইনের পূর্ববর্তী অসামঞ্জস্যতাগুলো পরিমার্জন করে নতুন করে প্রণয়ন করা হবে। চিকিৎসকদের চাকরির বয়স ৩২ বছর থেকে ৩৪ বছর করার আবেদন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রত্যাখ্যাত হয়েছিলো। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে পরবর্তী দুই কর্মদিবসের মধ্যেই চাকরিতে প্রবেশের বয়স ৩২ থেকে ৩৪ করার জন্য পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর নিশ্চয়তা দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসক, নার্স এবং অন্যান্য চিকিৎসা সংক্রান্ত লোকজনদের ড্রেসকোডের (বিশেষকরে ডাক্তারদের জন্য সাদা অ্যাপ্রোন) ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা আসবে। সুনির্দিষ্ট ড্রাগ লিস্টের বাইরে কেউ প্রেসক্রাইব করলে সিভিল সার্জন বরাবর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া মানহীন সকল স্বাস্থ্যশিক্ষাপ্রতিষ্ঠান অতি দ্রুত বন্ধের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিডিএসের জন্য বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জিপি সিস্টেম এবং রেফারেল সিস্টেম  নিয়ে কাজ ইতোমধ্যেই চলমান রয়েছে।

উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস ১লা মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত সকল চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। 

এমআই/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত