১০ জানুয়ারী, ২০২৫ ০১:৫৭ পিএম

থাইল্যান্ডে নেওয়া হলো জুলাই বিপ্লবে আহত আশরাফুলকে

থাইল্যান্ডে নেওয়া হলো জুলাই বিপ্লবে আহত আশরাফুলকে
ছবি: সংগৃহিত

মেডিভয়েস রিপোর্ট: জুলাই বিপ্লবে রাজধানীর মীরপুরে আহত অটোরিকশা চালক আশরাফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে আশরাফুলকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। এই নিয়ে ১৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়েছে। এর মধ্যে দুজনকে সিঙ্গাপুরে, বাকিদের থাইল্যান্ডে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু এ তথ্য জানিয়েছেন। 

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে সময় সিএনজিচালিত অটোরিকশা চালানোর পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণ করেন আশরাফুল ইসলাম। 

৫ আগস্ট অটোরিকশা চালানোর কথা বলে বের হয়ে যোগ দেন ছাত্র-জনতার আন্দোলনে। বিক্ষোভ চলাকালে সকাল দশটার দিকে হঠাৎ করে তার মাথায় এসে গুলি লাগে। আর এতে রাস্তায় পড়ে যান আশরাফুল ইসলাম। 

রক্তাক্ত অবস্থায় কয়েকজন তাকে নিয়ে আসেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) হাসপাতালে। ভর্তি হন ডা. মোয়াজ্জেম হোসেন তালুকদারের অধীনে। তাকে বাঁচাতে ঝাপিয়ে পড়েন তারা। দ্রুত নেয়া হয় অপারেশন থিয়েটারে। অপারেশন করে মাথার খুলি খুলে রাখা হয়। তারপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। দীর্ঘ দুই মাস লাইফ সাপোর্টে ছিলেন আশরাফুল। 

ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, চিকিৎসকদের নিরবচ্ছিন্ন চেষ্টার পরও সুস্থ হয়ে ওঠেনি আশরাফুল। চার হাত-পা অবশ হয়ে যায় তার। জ্ঞান ফেরেনি পুরোপুরি। মাঝে মাঝে চোখ মেলে তাকায় সে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলে ভেজিটেটিভ স্টেট। এ অবস্থায় মাঝে লাইফ সাপোর্ট ছাড়াই চলতে পারতো সে। কিন্তু পুরোপুরি জ্ঞান ফিরেনি। 

তিনি বলেন, গত ২৪ ডিসেম্বর তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। দুটো ফুসফুসই আক্রান্ত হয়। সাথে রক্তচাপ কমে যেতে থাকে। আবার লাইফ সাপোর্ট দেয়া হয় আশরাফুলকে। নিন্সে তিনবার তাকে নিয়ে বোর্ড মিটিং হয়। এর মধ্যে শারীরিক অবস্থার খোঁজ রাখছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। কিন্তু মেডিকেল বোর্ড তাকে বিদেশে নেয়ার সুপারিশ করেনি। গত ৫ জানুয়ারি স্বাস্থ্য উপদেষ্টা আবার মেডিকেল বোর্ড করার নির্দেশ দেন। এবার বিদেশে নেয়ার সিদ্ধান্ত দেয় বোর্ড। 

সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশে আশরাফুলকে বিদেশে নেয়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু সমস্যা দেখা দেয় আশরাফুল ও তার স্ত্রীর পাসপোর্ট না থাকা। দ্রুত তাদের পাসপোর্ট করার ব্যবস্থা করেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান। মন্ত্রণালয়ে টাকার ব্যবস্থা করা, এয়ার এম্বুলেন্সের ব্যবস্থা করা হয় দ্রুত। 

মাত্র তিন দিনের মধ্যে সব কাজ সম্পন্ন করে গতকাল (৯ জানুয়ারি) রাতে এয়ারএম্বুলেন্সে থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে আশরাফুল ইসলামকে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক