১৩৯ সদস্যের ‘সমন্বিত হজ চিকিৎসক দল’ গঠনের উদ্যোগ ধর্ম মন্ত্রণালয়ের
মেডিভয়েস রিপোর্ট: পবিত্র হজ উপলক্ষে হাজীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘সমন্বিত হজ চিকিৎসক দল’ গঠনের উদ্যোগ নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। টিম গঠনের জন্য ইতোমধ্যে স্বাস্থ্য সেবা বিভাগসহ ছয় দপ্তর থেকে ১৩৯ জনের নাম চাওয়া হয়েছে। এর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক থাকছেন ৬০ জন।
২৩ ডিসেম্বর মন্ত্রণালয়ের হজ-২ শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে টিম গঠনের জন্য আগামী ৮ জানুয়ারির মধ্যে আগ্রহী সদস্যদের তালিকা চাওয়া হয়। স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সরকারি কর্মচারী হাসপাতাল, ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিককে এ চিঠি প্রেরণ করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সমন্বিত হজ চিকিৎসক দলে মোট ১৩৯ সদস্য থাকবেন। এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে ৭৪, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে ২০, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ১৭, ইসলামিক মিশন হাসপাতাল থেকে ১৫, সরকারি কর্মচারি হাসপাতাল থেকে আট এবং বাংলাদেশ সচিবালয় ক্লিনিক থেকে পাঁচজন সদস্য থাকবেন। এর মধ্যে কার্ডিওলজিস্ট, অর্থোপেডিক্স, ইরোলজিস্ট, গাইনি, চক্ষু বিশেষজ্ঞ, ডেন্টিস্ট, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, মানসিক রোগ, নাক, কান ও গলা বিশেষজ্ঞ, এন্ড্রোক্রাইনোলজিস্ট, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সার্জারি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ ও জেনারেল প্র্যাকটিশনার (পুরুষ ও মহিলা) মিলিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন ৬০ জন। বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও নার্স/ব্রাদার, ল্যাব ও অপারেশন থিয়েটার (ওটি) অ্যাসিস্ট্যান্ট এবং ফার্মাসিস্টও থাকবেন এ টিমে।
চিঠিতে মনোনয়নের শর্তাবলীর মধ্যে বলা হয়েছে, মনোনীত চিকিৎসকদের সর্বোচ্চ ১০ শতাংশকে ইতোপূর্বে সমন্বিত হজ চিকিৎসক টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, যা সরকারি কর্মচারী হাসপাতাল ও বাংলাদেশ সচিবালয় ক্লিনিকের জন্য প্রযোজ্য হবে না।
এতে আরও বলা হয়, ইতোপূর্বে চিকিৎসক টিমের সদস্য হিসেবে সৌদি আরবে গিয়েছেন এমন নার্স/ব্রাদার, ল্যাব বা ওটি অ্যাসিস্ট্যান্ট এবং ফার্মাসিস্ট মনোনয়ন দেওয়া যাবে না। সমন্বিত চিকিৎসক টিমের কোনো সদস্য তার স্পাউজ, সন্তান বা আত্মীয়-স্বজনকে সৌদি আরবে সঙ্গে নিতে ও রাখতে পারবেন না।
প্রশাসনিক কাজের প্রকৃতি ও প্রেক্ষাপট বিবেচনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সমন্বিত হজ চিকিৎসক টিমের দলনেতা নির্ধারণ করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তর কাউকে টিম লিডার হিসেবে মনোনয়ন প্রস্তাব করতে চাইলে তাকে ইতোপূর্বে সমন্বিত হজ চিকিৎসক টিমের ডেপুটি টিম লিডার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সমন্বিত চিকিৎসক দলে নাম প্রস্তাবের জন্য ৭ জানুয়ারির মধ্যে তালিকা চেয়েছে প্রতিষ্ঠানটি। রোববার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়। এর আগে ১ জানুয়ারি স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সিনিয়র সহকারী সচিব সুশান্ত কুমার মাহাতো স্বাক্ষরিত এক পত্রে ৭ তারিখের মধ্যে তালিকা প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয়।
এনএআর/
-
০৬ জানুয়ারী, ২০২৫
-
২৯ মে, ২০২৪
সমন্বিত হজ চিকিৎসক দল
সেই ৫ ‘নার্সের’ পিটিশন খারিজ, আরো ৩ জনের বিরুদ্ধে স্থগিতাদেশ