৩১ ডিসেম্বর, ২০২৪ ১১:৩৪ পিএম

অপহৃত নারী চিকিৎসককে পাবনা থেকে উদ্ধার করলো র‌্যাব 

অপহৃত নারী চিকিৎসককে পাবনা থেকে উদ্ধার করলো র‌্যাব 
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী থেকে অপহরণের প্রায় দেড় দিন পর ডা. শাকিরা তাসনিম দোলাকে পাবনা থেকে উদ্ধার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৮টায় পাবনার মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব ১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাত ৮টায় পাবনার মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে ডা. শাকিরা তাসনিম দোলাকে (২৬) উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী তানজিম খান তাজ (৩০), অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসের চালক আশরাফুল (৩৫) এবং মূল অপহরণকারীর সহযোগী সজীবকে (২৩) আটক করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজশাহী চন্দ্রীমা থানার চন্দ্রিমা আবাসিক এলাকার নিজ বাসা থেকে ওই নারী চিকিৎসক ও তার বাবাকে অপহরণ করা হয়। সিরাজগঞ্জ মহাসড়কের পাশে অচেতন অবস্থায় বাবাকে ফেলে গেলেও নিখোঁজ ছিলেন শাকিরা তাসনিম দোলা।

ডা. দোলা রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ (আইবিএমসি) থেকে এ বছর ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেছেন। তাঁর বাবা আবু তাহের খুরশিদ বকুল পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তাঁদের বাসা রাজশাহী নগরে।

গতকাল (৩০ ডিসেম্বর) অপহৃত চিকিৎসকের মা জানিয়েছিলেন, ‘ভোরে ফজরের নামাজ পড়ার জন্য তাঁর স্বামী মসজিদে যান। এ সময় তিনি বাইরের ফটকে তালা লাগিয়ে চাবি সঙ্গে নিয়ে যান। একটু পরই তালা খোলার শব্দ পেয়ে তিনি এগিয়ে যান, এত তাড়াতাড়ি নামাজ না পড়ে ফিরে আসছেন কি না, তা দেখতে। দেখতে গিয়ে বুঝতে পারেন, অপহরণকারীরা তাঁর স্বামীকে জিম্মি করে চাবি নিয়ে এসেছে। এ সময় তারা চিকিৎসকের মাকে ধরে দেয়ালের সঙ্গে মাথা ঠুকে দেয়। মাথায় তালা দিয়ে আঘাত করে। এরপর তারা তাঁর গলা চেপে ধরে তারা। এক পর্যায়ে তাঁকে ছেড়ে দেওয়া হলে তিনি দৌড় দিয়ে নিচে নেমে রাস্তার ওপর পড়ে যান। ততক্ষণে অপহরণকারীরা তাঁর মেয়ে ও স্বামীকে নিয়ে চলে যায়।’

পরে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকা থেকে স্বামী তাঁর সঙ্গে কথা বলেন। তিনি জানান, একটি মাইক্রোবাসে করে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। চালকসহ অপহরণকারীরা ছয়জন ছিলেন। তাঁকে মাইক্রোবাসে তোলার পরেই মুখ বেঁধে ইনজেকশন দেওয়া হয়। পরে তাঁর চেতনা ফিরে এলে তাঁকে মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়। সেখান থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সলঙ্গা থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিউল ইসলাম মেডিভয়েসকে বলেন, দুপুর ১২টার দিকে সলঙ্গা থানাধীন ভেংড়ি এলাকার লোকজন তাঁকে (চিকিৎসকের বাবা) উদ্ধার করে থানায় নিয়ে আসেন। একই মাইক্রোবাসে বাবা ও মেয়েকে অপহরণকারীরা তুলে নিয়ে এসেছিলেন। তাঁরা মেয়েকে নিয়ে গেছেন। খবর পেয়ে রাজশাহী থেকে ওই ব্যক্তির আত্মীয়-স্বজন এসেছেন। তাঁদের কাছে আবু তাহের খুরশিদ বকুলকে হস্তান্তর করা হয়েছে।

অপহৃত চিকিৎসকের বিষয়ে জানতে চাইলে রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বেলা একটার দিকে মেডিভয়েসকে বলেন, এ ঘটনায় তাঁর বাবা আবু তাহের খুরশিদ বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়েছে। তবে তিনি এজাহারভুক্ত আসামিদের বিষয়ে কিছু জানাতে চাননি।

অপহরণকারীদের সন্ধানের বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত আমরা কাউকে গ্রেপ্তার করতে পারিনি। এই বিষয়ে কাজ করছি আমরা।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক