চীনের কাছে কোভিডের উৎসের তথ্য চাইলো ডব্লিউএইচও
মেডিভয়েস রিপোর্ট: কোভিড-১৯ ভাইরাসের উৎসের তথ্য প্রকাশ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে গত ২৮ ডিসেম্বরের এ আহ্বানে সাড়া দেয়নি চীন। ২০১৯ সালে প্রথম শনাক্ত হওয়া এই ভাইরাসটি গোটা বিশ্বকে ব্যাপক ক্ষতির মুখোমুখি করেছে। লক্ষাধিক মৃত্যু, বিশ্বব্যাপী লকডাউন এবং স্বাস্থ্য ও অর্থনীতিতে বিধ্বংসী প্রভাব ফেলেছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহানে ভাইরাসজনিত নিউমোনিয়ার একটি তথ্য স্বাস্থ্য সংস্থার নজরে আসে। সেই সময় থেকেই এই ভাইরাসের প্রকৃত উৎস খুঁজে বের করার প্রয়োজনীয়তা অনুভূত হয়। ডব্লিউএইচও বলছে, এই তথ্য জানা বৈজ্ঞানিক ও নৈতিক প্রয়োজন। কারণ, ভবিষ্যতের মহামারি রোধে এবং প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে যে, ২০২৩ সালের প্রথম দিকে চীনা বিজ্ঞানীরা একটি আন্তর্জাতিক ডাটাবেসে ভাইরাসের প্রাথমিক তথ্য আপলোড করেন। এতে বিভিন্ন প্রাণীর ডিএনএ পাওয়া যায়, যার মধ্যে কুকুর ছিল অন্যতম। গবেষকরা বলছেন, এগুলো ভাইরাস ছড়ানোর সম্ভাব্য মাধ্যম হতে পারে। ডব্লিউএইচও নেতৃত্বাধীন একটি দল ২০২১ সালে উহান এবং এর আশেপাশে গবেষণা করে জানায়, এই ভাইরাস সম্ভবত বাদুড় থেকে মানুষের মধ্যে অন্য কোনো প্রাণীর মাধ্যমে সংক্রমিত হয়েছে।
তবে চীন দাবি করেছে যে তারা মহামারির প্রাথমিক সময় থেকেই তাদের সমস্ত তথ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে শেয়ার করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং চিকিৎসা অভিজ্ঞতা শেয়ার করে মহামারি মোকাবিলায় বিশাল অবদান রেখেছে।
ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদরস আধানম গেব্রিয়েসাস বলেছেন, "পরবর্তী মহামারি যদি আজ আসে, তাহলে বিশ্বকে অনেক দুর্বলতার মুখোমুখি হতে হবে। তবে আমরা কোভিড-১৯ থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি এবং ভবিষ্যতের জন্য আমাদের প্রতিরোধ ক্ষমতা উন্নত করেছি।"
২০২১ সালে ডব্লিউএইচও’র সদস্য দেশগুলো মহামারি প্রতিরোধ ও প্রস্তুতি নিয়ে একটি চুক্তির খসড়া প্রস্তুত শুরু করে। তবে, ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে মতপার্থক্যের কারণে এর অগ্রগতিতে জটিলতা সৃষ্টি হচ্ছে।
কোভিড-১৯ এর বিপর্যয় ভবিষ্যতে নতুন ভাইরাসের উদ্ভব রোধে বিশ্বকে একতাবদ্ধ হওয়ার গুরুত্ব শিখিয়েছে। ডব্লিউএইচও’র এই আহ্বান শুধুমাত্র অতীতের একটি অধ্যায় বুঝতে নয়, বরং একটি সুরক্ষিত ভবিষ্যত গড়ার জন্য।
এসআই/
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক