আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিলেন উপদেষ্টা এম সাখাওয়াত
মেডিভয়েস রিপোর্ট: বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় ও পুনর্বাসনের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেলে আন্দোলনে আহতদের দেখে এ আহ্বান জানান তিনি। তিনি হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসারত আহত ছাত্র-জনতার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
ড. এম সাখাওয়াত হোসেন বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় সিএমএইচের ভারপ্রাপ্ত ডেপুটি কম্যান্ডেন্ট কর্নেল মোহাম্মদ মনিরুল ইসলাম, ট্রমা ম্যানেজমেন্ট সেন্টারের এমওআইসি লে. কর্নেল কাজী সবরান উদ্দিন আহম্মদসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, আমরা জাতি হিসেবে এই আন্দোলনে নিহত ও আহতদের কাছে কৃতজ্ঞ। অন্তর্বর্তী সরকার সরকারি হাসপাতালগুলোতে আহতদের বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করছে। বেসরকারি হাসপাতালগুলোতে ডেডিকেটেড কেয়ার ইউনিটে বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
এ সময় নৌপরিবহন উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় ও পুনর্বাসনের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগ ও অবদান সবসময় স্মরণে রাখতে হবে। আহত অনেকের দীর্ঘমেয়াদি চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আহতদের দেশের বাইরেও চিকিৎসার ব্যবস্থা করছে সরকার।
তিনি বলেন, চিকিৎসা প্রদান শেষ হলে তাদের কর্মসংস্থানসহ পুনর্বাসনের বিষয়েও সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সরকারের পাশাপাশি সামাজিক, পেশাজীবী সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে আহতদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা প্রদানের জন্য নৌপরিবহন উপদেষ্টা সংশ্লিষ্ট চিকিৎসকদের ধন্যবাদ জানান।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়ে বর্তমানে ৩৩ জন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমআই/