ছাত্রলীগ নিষিদ্ধে ঢামেকে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
মেডিভয়েস রিপোর্ট: ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের ঘোষণায় আনন্দ মিছিল করেছে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে শহীদ ফজলে রাব্বি হলের ইমরান ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে আবার ইমরান ক্যান্টিনে এসে শেষ হয়। ঘণ্টাব্যাপী আনন্দ মিছিলের পর ইমরান ক্যান্টিনেই অবস্থান নিয়ে মিষ্টি বিতরণ করেন তারা। এ সময় প্রায় ৪০ কেজি মিষ্টি বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
এই মিছিলে শিক্ষার্থীদের স্লোগানে প্রকম্পিত হয় ঢামেক ক্যাম্পাস। কর্মসূচিটিতে প্রতিষ্ঠানটির দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তাদের স্লোগানের মধ্যে ছিল—
‘এই মুহূর্তে খবর এলো ছাত্রলীগ নিষিদ্ধ হলো, আরে এই মুহূর্তে খবর এলো ছাত্রলীগ মারা খেলো,’ ‘ছাত্রলীগ গর্তে খুনি হাসিনা ভারতে’, ‘ছাত্রলীগ জঙ্গি খুনি হাসিনার সঙ্গী’, ‘দিল্লী না ঢাকা ঢাকা ঢাকা’, ‘দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ ‘হই হই রই রই ছাত্রলীগ গেলি কই’, ‘আবরার ফাহাদের বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই, আবু সাইদের বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই, মীর মুগ্ধের বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই, এই শহীদদের বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই, বিশ্বজিতের বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই’, ‘আপস না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম’, রেহান থেকে আবরার আসবো ফিরে বারবার’, ‘আবু সাঈদ থেকে ওয়াসিম আজকে মোদের ঈদের দিন’, ‘ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘একটা একটা ছাত্রলীগ ধর ধইরা ধইরা জেলে ভর’, ‘হই হই রই রই সাঈদ-ইরতিজা গেলো কই’, ‘আরে, হই হই রই রই আলামিন-ফুয়াদ গেলো কই’, ‘দালালি না রাজপথ রাজপথ রাজপথ’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ছাত্রলীগ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ, ফ্যাসিবাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ’।
এর আগে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী ‘সন্ত্রাসী সত্তা’ হিসেবে তালিকাভুক্ত করে গত ২৩ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এই ছাত্র সংগঠনের বিরুদ্ধে কোটা সংস্কার ও সরকার পতন আন্দোলন চলাকালে ছাত্র-জনতা ’হত্যা’ ও অসংখ্য মানুষের ‘জীবন বিপন্ন‘ করা এবং বিভিন্ন সময় ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছিল। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়। ওই সময়ের আগেই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
এনএএন/