৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১৮ পিএম

কুমিল্লা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মির্জা তাইয়েব

কুমিল্লা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মির্জা তাইয়েব
ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম।

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে মেডিকেলটির বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তাঁকে অধ্যাপক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম ছাড়াও দুই চিকিৎসককে একই প্রজ্ঞাপনে পদায়ন দেওয়া হয়েছে।

তাঁরা হলেন, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. নাজমুল আলম খানকে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে ও ঢাকা ডেন্টাল কলেজের ডেন্টাল রেজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. পরিমল চন্দ্র মল্লিককে ঢাকা ডেন্টালের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে পদায়ন করা হয়েছে।

অনুভূতি জানতে চাইলে ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম মেডিভয়েসকে বলেন, ‘অনুভূতিটা একটু মিশ্র। প্রথমত, এটা অবাক করা বিষয়। একইসঙ্গে চলতি দায়িত্ব অধ্যাপক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেব দায়িত্ব পাওয়া একটি বিরল ঘটনা। অবাকও লাগছে, আলহামদুলিল্লাহ। চেষ্টা করবো দায়িত্ব যথাযথভাবে পালন করার।’

পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ‘কুমিল্লা মেডিকেলের অনেক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। প্রথম কাজ, সেগুলো দ্রুত সম্পন্ন করা। পাশাপাশি শিক্ষার্থীরা দেশের যে, রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে ছিল, সেটা কাটিয়ে উঠা। দ্রুত সিলেবাস শেষ করে ভালো ডাক্তার হওয়ার যে প্রস্তুতি প্রয়োজন, সে বিষয়ে নজরদারি থাকবে। মেডিকেলের শিক্ষকসহ অন্যান্য যারা রয়েছেন, তাদের একাডেমিক জ্ঞান বৃদ্ধি করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।’

ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলামের বেড়ে উঠা ময়মনসিংহ জেলায়। তিনি ১৯৯০ সালে ময়মনসিংহ জিলা স্কুল থেকে এসএসসি এবং ১৯৯২ সালে আনন্দ মোহন কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে তিনি ১৯৯২-৯৩ সেশনে ফরিদপুর মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচে এমবিবিএসে ভর্তি হন। ২০০০ সালে এমবিবিএস পাস করেন ডা. তাইয়েব। পরে তিনি ২০০১ সালে ফরিদপুর মেডিকেল থেকে ইন্টার্নশিপ শেষ করেন। এরপর তিনি ঢাকায় চলে আসেন এবং ফ্রিল্যান্সিং করেন। এরপর ২০০৩ সালে ডা. মির্জা তাইয়েব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিকেল অফিসার পদে যোগদান করেন ও সেখানে দুই বছর চাকরি করেন। বিএসএমএমইউতে থাকাকালীন সময়ে তিনি ২৪ বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পান এবং যোগদান করেন।

এরপর ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) অধিভুক্ত প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ থেকে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। ডিগ্রি অর্জন করার ছয় মাস পর তিনি কুমিল্লা মেডিকেলের চলতি দায়িত্ব সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। পরে ২০১৩ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান ডা. মির্জা তাইয়েব। এরপর ২০২০ সালে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ পান খ্যাতিমান এই চিকিৎসক।

তারপর ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর অধ্যক্ষ পদে ও অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন পান ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে কুমিল্লা মেডিকেলে মানবসেবায় নিয়োজিত আছেন তিনি। পারিবারিকভাবে দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক গুণী এই চিকিৎসক।

জানতে চাইলে ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম বলেন, ‘কুমিল্লা মেডিকেলে গত ১২ বছর ধরে কাজ করছি এবং শিখছি। এখানে আমি একটি বার্ণ ইউনিট চালু করেছি, সেটি খুব সুষ্ঠুভাবে চলছে। এই জেলার মানুষ বিশেষভাবে উপকৃত হচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘এখান আমরা কোনো রোগী সাধারণ রেফার করতে চাই না, যদি সেই রোগী না চান অথবা একেবারে গুরুতর কিছু না হয়। বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারির রোগীদের চিকিৎসা বাংলাদেশের অন্য প্রান্তে যে রকম, আমাদের এখানেও একই রকম। তারপরও অনেক সময় পারিপার্শ্বিক বা প্রশাসনিক কারণে রেফার করতে হয়। এখানে আমরা বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারির সব ধরনের রোগীর চিকিৎসা করি। এছাড়া প্লাস্টিক সার্জারির জটিলতম অস্ত্রোপচার ফ্রি ফ্লাপ, সেটিও আমরা নিয়মিত এখানে করছি।’

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : নতুন অধ্যক্ষ
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক