০৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:৫৬ পিএম

ডেঙ্গুতে ৮ মাসে ৯২ জনের মৃত্যু

ডেঙ্গুতে ৮ মাসে ৯২ জনের মৃত্যু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত গত ৮ মাসে মারা গেছেন ৯২ জন মানুষ। রোববার (৮ সেপ্টেম্বর) মশাবাহিত রোগ বিষয়ক জাতীয় কমিটির সভায় এ তথ্য তুলে ধরা হয়।

গত বছর একই সময়ে মৃত্যুর সংখ্যা ছিল ৬৯১ জন। এ হিসাবে গত বছরের তুলনায় ডেঙ্গুতে এবার ৫৯৯ জন কম মারা গেছেন।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা মহানগরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ৬৩ জন। এ সময়ে ঢাকা মহানগরের বাইরে সারাদেশে মারা গেছেন ২৯ জন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা মহানগরে ৪৯৭ জন মারা যান। দেশের অন্যান্য স্থানে মৃতের সংখ্যা ছিল ১৯৪ জন। গত বছর এ সময়ে ডেঙ্গুতে মোট মারা যান ৬৯১ জন।

বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘প্রথম দিকে ডেঙ্গু নিয়ে দেশে একটা দিশেহারা ভাব ছিল। তবে আমরা ক্রমান্বয়ে একটা সহনীয় পর্যায়ে এসেছি। আমাদের অর্জন তখনই হবে, যখন একটি মৃত্যুও হবে না। এখনো আমরা সে পর্যায়ে পৌঁছাতে পারিনি।’

তিনি বলেন, ‘৭ সেপ্টেম্বর (শনিবার) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। কিন্তু গত বছরের ৭ সেপ্টেম্বর মারা গিয়েছিলেন ২০ জন। এটা নিয়ে আমাদের আনন্দিত হওয়ার কিছু নেই। আমাদের লক্ষ্যমাত্রা হবে একজনেরও যাতে মৃত্যু না ঘটে।’

এ রোগের প্রতিরোধই কাজ করে ৯০ শতাংশ, আর ১০ শতাংশ হচ্ছে চিকিৎসা জানিয়ে উপদেষ্টা আরও বলেন, চিকিৎসার ক্ষেত্রে আমরা একটা ভালো পর্যায়ে আছি। তবে সচেতনতার জায়গায় আমরা বেশ পিছিয়ে আছি। ডেঙ্গু প্রতিরোধে সারা বছর একটা কর্মসূচি নেওয়ার ব্যাপারে আমরা আলোচনা করেছি। মশার প্রজননটা যাতে না হয়, গবেষণা করে এমন কোনো ওষুধ বা কিছু বের করা যায় কি না, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি।’

জাতীয় কমিটির সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৮০৪ জন। এর মধ্যে ঢাকা মহানগরে ৬ হাজার ২০৯ জন এবং ঢাকা মহানগরের বাইরে ৮ হাজার ৫৯৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

গত বছরের (২০২৩ সালে) ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ ৪০ হাজার ৭১১ জন। এর মধ্যে ঢাকা মহানগরে ৬৪ হাজার ১৭২ জন এবং ঢাকা মহানগরের বাইরে ছিল ৭৬ হাজার ৫৩৯ জন।

এনএএন/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক