মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালককে অপসারণ দাবি
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের (এনআইএমএইচ) পরিচালক ডা. অভ্র দাস ভৌমিকের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার (৪ সেপ্টেম্বর) ইনস্টিটিউট প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর ডা. মোহাম্মদ সফিকুল কবিরকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উপপরিচালক হিসাবে পদায়ন করা হয়। বিগত বছরগুলোর এনআইএমএইচে দুর্নীতি তদন্তের দায়িত্বও দেওয়া হয় তাকে। ক্ষমতাচ্যুত হলেও ফ্যাসিবাদী সরকারের সহযোগীরা প্রভাব কাটিয়ে ১০ দিন দিনের মাথায় গত ২ সেপ্টেম্বর তাঁকে ওএসডি করায়।
মানববন্ধনে জানানো হয়, ডা. মোহাম্মদ সফিকুল কবির একাধিক বিদেশি মেডিকেল ইনস্টিটিউটের ভিজিটিং প্রফেসর ও কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট। এমনকি বর্তমান পরিচালক ডা. অভ্র দাস ভৌমিক নিজেও এক সময় ঢাকা মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগে তার ‘সহকারী রেজিস্ট্রার’ হিসেবে কাজ করেছেন।
আন্দোলনকারীরা জানান, পতিত স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ে ডা. সফিকুল কবির পদোন্নতির বঞ্চিত হন। ফলে তিনি এখনো সহযোগী অধ্যাপক হিসাবেই দায়িত্ব পালন করছেন। অথচ ঢাকা মেডিকেলের মানসিক রোগ বিভাগে তার ‘সহকারী রেজিস্ট্রার’ হিসেবে কাজ করা ডা. অভ্র দাস ভৌমিককে পদোন্নতি দেওয়া। তখন পদোন্নতি পান আরও ৪ চিকিৎসক, যা জ্যেষ্ঠতা নীতিমালার পরিপন্থি।
মানববন্ধনে অবিলম্বে পরিচালক পদ থেকে ডা. অভ্র দাস ভৌমিকের পদত্যাগ এবং ডা. মোহাম্মদ সফিকুল কবিরকে দ্রুত পুনর্বহালের দাবি জানানো হয়।
বক্তারা জানান, অন্যায়ভাবে বৈষ্যম্যের শিকার চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা দাবি আদায়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছে। আন্দোলনের কারণে নিয়মিত চিকিৎসাসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখছেন তারা।
এমইউ
-
১০ সেপ্টেম্বর, ২০২৫
-
০৬ সেপ্টেম্বর, ২০২৪
-
১৩ নভেম্বর, ২০২৩
-
০৬ নভেম্বর, ২০২২
-
২২ নভেম্বর, ২০২০
-
২৮ জুলাই, ২০২০