হাতির শুঁড়ে তুলে নিক্ষেপ: ফার্মেসি মালিকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: চাদা না দেওয়ায় হাতির শুঁড় দিয়ে শূন্যে তুলে নিক্ষেপ করায় কিশোরগঞ্জে মাসুদুর রহমান (৪৫) নামে এক ফার্মেসি মালিকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুলাই) কিশোরগঞ্জের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২ জুলাই) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান ওই ফার্মেসি মালিক।
এলাকাবাসী একাধিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ শহরে বসবাস করে আসছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংগাইর গ্রামের আব্দুর রহমানের ছেলে মাসুদুর রহমান।
গত কয়েক বছর আগে শহরের নগুয়া বাস স্ট্যান্ড এলাকায় ‘এ আর ফার্মা’ নামে একটি ফার্মেসি (ওষুধের দোকান) দেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের সাবেক এরিয়া ম্যানেজার। ওই ফার্মেসির সামনেই এই ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় পথ আটকে এক নারীর কাছে চাঁদা দাবি করে হাতি। ভয়ে পাশে থাকা ওই ফার্মেসিতে আশ্রয় নেন তিনি। হাতিও তার পিছু নেয়।
পথচারীকে বাঁচাতে মাসুদুর রহমান ছোট এক লাঠি নিয়ে বের হলে তার সাথে বিতণ্ডায় জড়ায় মাহুত রিয়াজুল মোল্লা (২৫)। এর মধ্যেই ফার্মেসি মালিককে শুঁড় দিয়ে শূন্যে তুলে মাটিতে নিক্ষেপ করে হাতিটি। এতে ফার্মেসি মালিকের নাক-মুখ থেতলে যায়, নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে।
তাৎক্ষণিকভাবে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে পর দিন মঙ্গলবার (২ জুলাই) বিকাল তিনটার দিকে মারা যান তিনি।
এ ঘটনায় হাতি এবং হাতির মাহুত রিয়াজুল মোল্লাকে (২৫) আটক করেছে পুলিশ। মাহুত রিয়াজুল গোপালগঞ্জ জেলা সদরের মরহুম আছমত মোল্লার ছেলে।
এমইউ/