‘চিকিৎসা বেসরকারীকরণ হলে সেটা হয় পণ্য’
মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা-৭ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত চিকিৎসাখাতকে পুরোপুরি সরকারি করার তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষা ও চিকিৎসা থাকা উচিত সরকারি খাতে। একে বেসরকারীকরণ করা হলে শিক্ষা ও চিকিৎসার কোনও গুণগত মানের পরিবর্তন হয় না। তখন সেটা হয়ে যায় একটা পণ্য।
জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যখাত প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এই সংসদ সদস্য আরও বলেন, এখন পৃথিবীজুড়ে এটা পণ্য হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার টাকা আছে চিকিৎসা পাবেন, টাকা না থাকলে চিকিৎসা পাবেন না। এক্ষেত্রে বাংলাদেশের নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য দেখার কিছু নেই।
সবচেয়ে ব্যয়বহুল হচ্ছে স্বাস্থ্যখাত। পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা, চিকিৎসা উপকরণের দাম আকাশচুম্বী বলে জানান প্রাণ গোপাল দত্ত। এ সময় বাংলাদেশের চিকিৎসাসেবা উন্নতির জন্য চিকিৎসকদের বেতন-ভাতার পাশাপাশি গবেষণা, আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাব করেন তিনি।
মেডিকেল সার্ভিস সার্বক্ষণিক দিতে হয়, তাই হাসপাতালেই চিকিৎসকদের থাকার ব্যবস্থা করে দেওয়া উচিত বলে উল্লেখ করে এই চিকিৎসক বলেন, চিকিৎসকদের গবেষণায় আরও উৎসাহিত করতে হবে। চিকিৎসকরা এখন অফিস টাইম মেইনটেইন করেন। এই পেশায় অফিস টাইম ধরে কাজ করা সম্ভব না।
এ সময় মোবাইল ফোনের ব্যবহার নিয়ে তিনি বলেন, যেভাবে মোবাইল ফোনের অপব্যবহার হচ্ছে, তাতে আমার আশঙ্কা একটা প্রতিবন্ধী প্রজন্ম তৈরি হতে যাচ্ছে। তাই রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত তরুণ প্রজন্মকে মোবাইল ব্যবহার থেকে দূরে রাখার ব্যবস্থা গ্রহণের জন্য আইসিটি মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কার পাওয়া এই সংসদ সদস্য।
এনএএন/