ভাতা ২০০০০ করার দাবিতে বেসরকারি মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন
মেডিভয়েস রিপোর্ট: মাসিক ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছেন রাজধানীর বেসরকারি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
মঙ্গলবার (৪ জুন) মেডিকেল ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
এর আগে মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে মেডিকেল কলেজটির চেয়ারম্যান বরাবর পাঠানো স্মারকলিপিতে বলা হয়, ‘স্বাস্থ্য অধিদপ্তর থেকে সকল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বেতন বৃদ্ধির ২০ হাজার টাকা বিল পাস হয়েছে। এই ব্যাপারে আমরা আমাদের পরিচালক মহোদয় ও অনারারি সেক্রেটারি মহোদয় বরাবর অবগত করলে তাঁরা আমাদের আস্বস্ত করেন সকল সরকারি মেডিকেল কলেজের ন্যায় আমাদেরও বেতন বৃদ্ধি করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু অপ্রত্যাশিতভাবে এই মাসে আমাদের বেতন পূর্বের ন্যায় ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা ৩ মে ২০২৪ তারিখ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সকল ইন্টান চিকিৎসকরা অর্ধদিবস কর্মবিরতিতে থাকতে বাধ্য হই। হাসপাতাল কর্তৃপক্ষকে যথারীতি অবহিত করেই আমরা অর্ধদিবস কর্মবিরতিতে ছিলাম।’
এতে আরও বলা হয়, ‘তন্মধ্যে মাননীয় কো-চেয়ারম্যান স্যারের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়। স্যার, আমাদেরকে আশ্বস্ত করেন, মাননীয় মহোদয় ৮ মে ব্যস্ত থাকায়, এর পরবর্তী সময়ে আমাদের ভাতা বৃদ্ধিসহ সকল সমস্যা নিয়ে তারা আলোচনা করবেন এবং দ্রুততার সাথে বকেয়া বেতন পরিশোধসহ বাকি সমস্যাগুলো সমাধান করবেন।’
‘অতএব, স্যারের কথায় আশ্বস্ত হয়ে আমরা কাজে ফিরে যাই। এখন আগামী মাসে বেতন ২০ হাজার করা হবে(চলতি মাসের বকেয়া ৫ হাজারসহ) এটা আমরা আশা করি। যদি আমাদের বেতন বাড়ানো না হয় এবং বকেয়া বেতন পরিশোধ করা না হয়, তাহলে অনির্দিষ্ট সময়ের জন্য কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো। বিষয়টি আপনার সুবিবেচনার জন্য অবহিত করা হলো’, বলা হয় স্মারকলিপিতে।
এদিকে বাংলাদেশ মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৪ জুন থেকে তাঁরা কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি পালন করবেন তাঁরা।
-
২৭ সেপ্টেম্বর, ২০২৪
-
১১ ডিসেম্বর, ২০২২
-
০৮ অক্টোবর, ২০২২