দেশে যক্ষ্মা রোগী ৪ লাখ, প্রতি বছর মৃত্যু ৪ হাজার
মেডিভয়েস রিপোর্ট: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ বলেছেন, সারা দেশে প্রায় চার লাখের মতো যক্ষ্মা রোগী রয়েছে। এর মধ্যে গত তিন বছরেই এই রোগে আক্রান্ত হয়েছে প্রায় এক লাখ মানুষ। এসব রোগীদের মধ্যে প্রতিবছর গড়ে প্রায় চার হাজারের মতো মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার (৪ জুন) সকালে রাজধানীর আইসিডিডিআর,বির সাসাকাওয়া অডিটোরিয়ামে আয়োজিত ‘স্ট্রেন্দেনিং টিউবারকিউলোসিস পাবলিক-প্রাইভেট মিক্স ফর অ্যানহ্যান্সড পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট’ বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সভায় আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সম্পৃক্ত করার মাধ্যমে আরও বেশি জনগোষ্ঠীর কাছে সময়মতো ও কার্যকর যক্ষ্মা চিকিৎসা পৌঁছানোর সুযোগ রয়েছে। তাই যক্ষ্মা নির্ণয় ও চিকিৎসার আওতা বাড়াতে বেসরকারি খাতকে সরকারের সঙ্গে যুক্ত করা অপরিহার্য হয়ে পড়েছে।
দেশে চার লাখ যক্ষ্মা রোগীর মধ্যে ১০ হাজারের মতো রোগী ড্রাগ র্যাজিস্টেন্স বলেও জানান তাহমিদ আহমেদ। বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, ২০২২ সালে ৬৯ শতাংশ যক্ষ্মা রোগী শনাক্ত করা সম্ভব হলেও আরও প্রায় ৩১ শতাংশ রোগীই শনাক্তের বাইরে থেকে যায়। তাই এই রোগে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি।
এনএএন/