প্রতিটি রোগীকে পরিবারের সদস্যদের মত করে চিন্তা করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে একটি বোর্ড সভা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮ টায় শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ সভা করেন তিনি। সভায় ভর্তিকৃত রোগীদের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানেন স্বাস্থ্যমন্ত্রী। ভর্তিকৃতদের মধ্যে কতজন শিশু, কতজনের অনস্থা বেশি গুরুতর, কতজন আইসিইউতে ভর্তি আছে তারও খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, দগ্ধ রোগীদের চিকিৎসা নিয়ে সার্বিক বিষয়ে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই চিকিৎসার যাবতীয় ব্যয় তিনি নিজে বহন করবেন।
বোর্ড সভায় উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের শারীরিক কষ্ট অনেক। প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্যদের মত করে আমাদের সবাইকে চিন্তা করতে হবে। দগ্ধ রোগীদের অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা কিছু রোগীকে হয়তো বাঁচাতে পারবো না, কিন্তু কোন রোগীর প্রতি শেষ মুহুর্ত পর্যন্ত আমাদের চেষ্টার যেন কোনরকম অবহেলা না থাকে এটি আমাদেরকে নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মোট ৩২ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। এই ৩২ জনের মধ্যে ৫ জন রোগী আইসিইউ এবং ২ জন এইচডিইউতে ভর্তি রয়েছে। রোগীদের মধ্যে ১০০ ভাগ দগ্ধ বার্ণ রোগী আছেন একজন, ৯৫ ভাগ বার্ণ রোগী আছে ৩ জন এবং ৫০-১০০ ভাগ বার্ণ রোগী আছে মোট ১৬ জন বলে জানানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মুহাম্মদ নওয়াজেস খান, অধ্যাপক (রেডিওলোজি) ডা. খলিলুর রহমান, অধ্যাপক (এনেস্থিসিওলজি) ডা. আতিকুল ইসলাম, সহযোগি অধ্যাপক (বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি) ডা. হাসিব রহমান, সহযোগি অধ্যাপক (বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি) ডা.হোসাইন ইমাম (ইমু) সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ।