না ফেরার দেশে রামগঞ্জের ইউএইচএফপিও ডা. গুণময়
মেডিভয়েস রিপোর্ট: না ফেরার দেশে চলে গেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. গুণময় পোদ্দার। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর ১ মাস ২১ দিন। তিনি পিতা-মাতা, ১ ভাই, ১ বোন, স্ত্রী ও ১২ বছর বয়সী একমাত্র পুত্রসন্তান এবং অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
গুণময় পোদ্দার ২০০৫ সালের ২ জুলাই ২৪তম বিসিএসে (স্বাস্থ্য) ক্যাডারে যোগ দেন। তিনি একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করা এ চিকিৎসক ছিলেন খুমেকের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী।
এই স্বাস্থ্য প্রশাসকের মৃত্যুতে শোক জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম। তাঁর মৃত্যুতে শোকাভিভূত অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
ডা. গুণময় পোদ্দারের বিদেহী আত্মার পারলৌকিক শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে অধিদপ্তর।
এএনএম/