অনিবন্ধিত হাসপাতাল-ক্লিনিকের তথ্য চেয়ে সিভিল সার্জনদের চিঠি
মেডিভয়েস রিপোর্ট: সারাদেশের অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তথ্য পাঠাতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ৭ কার্যদিবসের মধ্যে এ তথ্য পাঠাতে বলা হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনদের চিঠিতে বলা হয়েছে, ‘উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আপনার নিয়ন্ত্রনাধীন এলাকায় অবস্থিত অনিবন্ধিত (লাইসেন্স বিহীন) বেসরকারী- হাসপাতাল/ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তালিকা বিনা ব্যর্থতায় ৭ কর্মদিবসের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।’
প্রসঙ্গত, সুন্নতে খৎনা করাতে গত ৩১ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারির শিক্ষার্থী শিশু আয়ানকে সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর জ্ঞান না ফিরলে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৮ দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার (৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করা হয়।
এরপর আলোচনায় আসে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে লাইসেন্সসহ নানা বিষয়। গত ১১ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান জানান, নিবন্ধন ছাড়াই হাসপাতালটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।