সড়ক দুর্ঘটনায় শেবাচিমের ৪৮ ব্যাচের ডা. তৌফিকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ডা. তৌফিক আহমেদ শুভ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) শেবাচিমের ইন্টার্ন চিকিৎসক রাসনা খান মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (২৭ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে তিনি মারা যান। নগরীর সিএন্ডবি রোডে কাজীপাড়ার সড়কের মুখে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকেই ট্রাক চালককে আটক করা হয়েছে।
তৌফিক আহমেদ শুভ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার গণমাধ্যমে বলেন, ‘নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে একটি ইজিবাইক আমতলার মোড়ের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি সিএন্ডবি রোড কাজিপাড়া এলাকার কাছে পৌঁছলে পেছন থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী মেডিকেল কলেজছাত্র তৌফিক আহম্মেদ শুভর মৃত্যু হয়। এছাড়া আহত হয় আরও তিন যাত্রী। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ–কমিশনার মো. ফয়জুল করিম বলেন, ‘ঘটনার পর পরই ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।’
-
২৩ জুন, ২০২০