৬ ফিলিস্তিনি শিশুর লাশ নিয়ে যে বার্তা দিলেন চিকিৎসক
মেডিভয়েস ডেস্ক: ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজায় নিহত ছয় শিশুর লাশ নিয়ে বিশ্বকে একটি বার্তা দিয়েছেন এক চিকিৎসক।
গাজায় ইউরোপীয় হাসপাতালে এই ছয় শিশুর লাশ নিয়ে একটি ভিডিও বানিয়েছেন হাসপাতালটির চিকিৎসক ইউসেফ আল–আকাদ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ওই ভিডিও প্রকাশ করেছে।
এতে দেখা যায়, হাসপাতালের এই চিকিৎসকের সামনে ইসরায়েলি বোমা হামলায় নিহত ছয় শিশুর নিথর মরদেহ। দাফনের জন্য প্রস্তুত সেই ছোট ছোট মরদেহগুলোর সামনে দাঁড়িয়ে তিনি বিশ্ববাসীর প্রতি একটি বার্তা দিচ্ছেন।
আল–আকাদ তার বার্তায় বলছিলেন, ‘দেখুন এসব শিশুদের। এসব শিশুকে কারা হত্যা করেছে?’
আল–আকাদ বলেন, ‘মুক্ত বিশ্ব, তুমি কোথায়? এই শোকাহত ও নির্যাতিত মানুষের ওপর গণহত্যা চলছে।’
গত ১৭ অক্টোবর রাতে মধ্য ফিলিস্তিনের গাজায় আল–আহলি আরব নামের একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র- আলজাজিরা