চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস পালন
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, শোভাযাত্রা, আলোচনা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য পোস্টার বিতরণ করা হয়।
১৮৪৬ সালের ১৬ অক্টোবর ডায়েটিল ইথার অ্যানেসথেসিয়ার প্রথম সফল প্রয়োগ করেছিল। সেই দিনটির স্মরণেই ১৯০৩ সাল থেকে বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস পালন করা হয়ে থাকে।
অপারেশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় যেন কষ্ট না হয় তাই রোগীকে অ্যানেসথেসিয়া দেওয়া হয়ে থাকে। আর অ্যানেসথেসিয়ার এই প্রক্রিয়াটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে হয়। নাহয় রোগীর জীবন নিয়েও শঙ্কা তৈরি হতে পারে।
অপারেশন থিয়েটারে নেওয়ার পর রোগীর শারীরিক সুস্থতা যাচাই করা, অপারেশন চলাকালে রোগীকে ব্যাথামুক্ত রাখা, সার্বক্ষণিক মনিটরিং এবং অপারেশনের পরও রোগীকে ব্যাথামুক্ত রাখার কাজটি করে থাকেন অ্যানেসথেসিওলজিস্টরা। মুমূর্ষু রোগীর ইনটেনসিভ কেয়ার, জটিল ব্যথার চিকিৎসা, বিভিন্ন রোগীর পেলিয়েটিভ কেয়ার সেবা প্রদানসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অ্যানেসথেসিওলজিস্টরা।
অ্যানেসথেসিয়ার উন্নতি হওয়ার কারণেই বর্তমানে সম্ভব হচ্ছে জটিল সব সার্জারি। এ ছাড়া কিডনি, লিভার ও হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ নিরাপদভাবে প্রতিস্থাপন করাও সম্ভব হচ্ছে।
অ্যানেসথেসিয়ার কাজ
১. ব্যাথামুক্ত নিরাপদ সার্জারির জন্য অ্যানেসথেসিয়া অত্যাবশ্যকীয় ও অপরিহার্য অনুষঙ্গ । আপনাকে / আপনার রোগীকে কে অজ্ঞান করবেন তা জানা আপনার অধিকার। আপনার রোগীর অপারেশনে যোগ্যতাসম্পন্ন অ্যানেসথেসিওলজিস্ট সংশ্লিষ্ট আছেন কিনা জেনে নিন।
২. অপারেশনের পূর্বে অ্যানেসথেসিওলজিস্ট কর্তৃক রোগীকে চেকআপ করিয়ে নেওয়া রোগীর নিরাপদ অপারেশন নিশ্চিন্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩. চেকআপকালীন সময় আপনার অ্যানেসথেসিয়ার ধরন, তার সুবিধা / অসুবিধা এবং সম্ভাব্য জটিলতা সম্বন্ধে আগেই জেনে নিন।
৪. অ্যানেসথেসিয়ায় ডিগ্রীধারী ডাক্তার কর্তৃক অ্যানেসথেসিয়া প্রদান করা নিরাপদ।
৫. অপারেশন চলাকালীন বিভিন্ন জীবনহরণকারী জটিলতা যেমনঃ শরীরে অক্সিজেনের ঘাটতি, অনিয়ন্ত্রিত রক্তচাপ, হৃদযন্ত্রের সমস্যা, হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়া (Cardiac arrest) ইত্যাদি মোকাবেলায় একজন অ্যানেসথেসিওলজিস্ট উদ্ধারকারীর ভূমিকা পালন করে।
৬. অ্যানেসথেসিওলজিস্ট নন, এমন ডাক্তার কর্তৃক অ্যানেসথেসিয়া প্রদান করে, রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না ।
৭. অপারেশনের পর ব্যাথা প্রশমন অ্যানেসথেসিওলজিস্টের উপদেশ অনুযায়ী করা হয়। রোগীর সার্বিক নিরাপত্তায় সচেতন হোন ।