১০ অক্টোবর, ২০২৩ ০১:১০ পিএম

মানসিক স্বাস্থ্য সমস্যায় বেশি ক্ষতিগ্রস্ত নারী ও তরুণরা: জাতিসংঘ মহাসচিব

মানসিক স্বাস্থ্য সমস্যায় বেশি ক্ষতিগ্রস্ত নারী ও তরুণরা: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ মহাসচিব বলেন, মানসিক সমস্যায় আক্রান্ত চার জনের মধ্যে তিন জনই পর্যাপ্ত চিকিৎসা পান না অথবা কোনও সেবাই পান না। আবার অনেকে অসম্মান ও বৈষম্যের সম্মুখীন হন।

মেডিভয়েস ডেস্ক: আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে— মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার। এই দিবস উপলক্ষে বাণী দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বাণীতে তিনি বলেন, মানসিক স্বাস্থ্য মানবতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের জীবনকে পরিপূর্ণ করার এবং সমাজে পরিপূর্ণভাবে অবদান রাখার সুযোগ করে দেয়। তা সত্ত্বেও সারা বিশ্বে প্রতি আট জনের মধ্যে একজন মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে বেঁচে আছেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও তরুণরা। মানসিক সমস্যায় আক্রান্ত চার জনের মধ্যে তিন জনই পর্যাপ্ত চিকিৎসা পান না অথবা কোনও সেবাই পান না। আবার অনেকে অসম্মান ও বৈষম্যের সম্মুখীন হন। মানসিক স্বাস্থ্য বিশেষ অধিকার নয়, বরং মৌলিক মানবাধিকার এবং অবশ্যই সর্বজনীন স্বাস্থ্যসেবার আওতার অংশ হতে হবে। সব সরকারকে অবশ্যই এমন সেবা প্রদান করতে হবে, যা মানুষের সুস্থ হয়ে ওঠায় সহায়ক হয় এবং তাদের অধিকার সমুন্নত রাখে। এর মধ্যে রয়েছে কমিউনিটি-ভিত্তিক সহায়তা জোরদার করা এবং বৃহত্তর স্বাস্থ্য ও সামাজিক সেবায় মনস্তাত্ত্বিক সহায়তাকে অন্তর্ভুক্ত করা।

তিনি আরও বলেন, একইসঙ্গে আমাদের অবশ্যই নিগ্রহ মোকাবিলা করতে হবে এবং সেই সব বাধা ভেঙে ফেলতে হবে যা লোকজনকে সহায়তা চাইতে বাধা দেয়। আমাদের অবশ্যই মানসিক সমস্যার মূল কারণ, যেমন দারিদ্র্য, অসমতা, সহিংসতা, বৈষম্য– মোকাবিলা করতে হবে। আরও সহানুভূতিশীল ও স্থিতিস্থাপক সমাজ গড়ে তুলতে হবে। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এবং প্রতিদিন, আসুন আমরা মানসিক স্বাস্থ্যকে একটি সর্বজনীন মানবাধিকার হিসেবে পুনরায় নিশ্চিত করি ও সমুন্নত রাখি। আমরা একসঙ্গে একটি স্বাস্থ্যকর বিশ্ব গড়ে তুলি, যেখানে প্রত্যেকে সমৃদ্ধি লাভ করতে পারে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও