ডেঙ্গুর ভুল রিপোর্টে বাড়ছে রোগীর শারীরিক জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুর ভুল রিপোর্ট পেয়ে রোগী বাসায় থাকায় শারীরিক জটিলতা বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার (৩ সেপ্টেম্বর) নিজ ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, সঠিক সময়ে ডেঙ্গু পরীক্ষা না করায় বাড়ছে ডেঙ্গুর নেগেটিভ রেজাল্টের সংখ্যা। একইসঙ্গে ভুল রিপোর্ট পেয়ে রোগী বাসায় থাকায় বাড়ছে শারীরিক জটিলতাও। এ পরিস্থিতিতে জটিলতা এড়াতে জ্বর হওয়ার ১ থেকে ৩ দিনের মধ্যেই ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এর আগে গতকাল (২ সেপ্টেম্বর) সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর রেকর্ড। এ সময়ে সংক্রমিত হয়েছেন আরও দুই হাজার ৩৫২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮২ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৭০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৬৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯০৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৭২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৬৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৯ হাজার ৫৯২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬৮ হাজার ১০২ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৮ হাজার ৮৪৪ জন। ঢাকায় ৫৫ হাজার ২৩৩ এবং ঢাকার বাইরে ৬৩ হাজার ২১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬
-
১০ ডিসেম্বর, ২০২৫