ডেঙ্গুতে এক সপ্তাহের মধ্যে ভাই-বোনের মৃত্যু, শোকে স্তব্ধ বাবা-মা
মেডিভেয়েস ডেস্ক: রাজধানীর পাইকপাড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক সপ্তাহের মধ্যে ভাই-বোনের মৃত্যু হয়েছে। দুই সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ তাদের মা-বাবা মোহাম্মদ ইব্রাহিম ও রাবেয়া আক্তার দম্পতি।
১৮ আগস্ট আরাফাত (৯) এবং ২৫ আগস্ট রাইদা (৬) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। আরাফাত একটি স্কুলে কেজি এবং রাইদা নার্সারিতে পড়ত। তাদেরকে সাভারের হেমায়েতপুরে দাফন করা হয়।
মোহাম্মদ ইব্রাহিম ও রাবেয়া আক্তার দম্পতি গণমাধ্যমকে জানান, গত ১৪ আগস্ট আরাফাতের হালকা জ্বর আসে। ১৬ আগস্ট পরীক্ষা করালে তার ডেঙ্গু পজিটিভ আসে। প্লাটিলেট ভালো থাকায় হাসপাতালে না নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু পরের দিন প্লাটিলেট দ্রুত কমতে থাকে। ১৮ আগস্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান আরাফাত মারা গেছেন।
তারা আরও জানান, ছেলের মৃত্যুর পর মেয়েরও ডেঙ্গু পজিটিভ আসে। মেয়ের চিকিৎসায় কোনো ত্রুটি রাখিনি। চিকিৎসকেরা যখন যা লাগবে বলেছেন, তাই করেছি, কিন্তু মেয়েকেও ফেরাতে পারলাম না। ২৫ আগস্ট সকালে সেও মারা যায়।
আক্ষেপ করে বাবা মোহাম্মদ ইব্রাহিম বললেন, ‘আগে আমাদের কোনো অভাব ছিল না। দুঃখ ছিল না। এক সপ্তাহের ব্যবধানে দুই ছেলে–মেয়েকে হারিয়ে এখন আমাদের মতো অভাবী আর দুঃখী আর কেউ নেই। আমাদের মনের যে কষ্ট, তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতেও পারবে না।’
তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে ছেলে-মেয়েকে হারালাম। পুরো ঘরেই তাদের স্মৃতি। এক হাতের ওপর মেয়ে, আরেক হাতের ওপর ছেলে ঘুমাত। সন্তানদের হারিয়ে আমাদের মতো অভাবী আর দুঃখী আর কেউ নেই।