পাবনার লিলি বেগমের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
মেডিভয়েস ডেস্ক: আশ্রয়ণ-২ প্রকল্পে উপকারভোগী পাবনার অন্ধ লিলি বেগমের চোখের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (৯ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের বিভিন্ন উপজেলায় ২২ হাজার ১০১ পরিবারকে ভূমিসহ নতুন ঘর হস্তান্তর করেন তিনি। এর মধ্য দিয়ে আরও ১২টি জেলা গৃহহীন ও ভূমিহীনমুক্ত হলো।
সকালে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি খুলনা জেলার তেরখাদা উপজেলার বারাসত সোনার বাংলা পল্লী আশ্রয়ণ প্রকল্প, পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ-২ প্রকল্প এবং নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাহপুর আশ্রয়ণ প্রকল্পের সুবিধাগ্রহীতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
এসময় পাবনার উপকারভোগী মোছা. লিলি বেগমের চোখের সমস্যার কথা জানতে পেরে তাৎক্ষণিক তার চোখের চিকিৎসার দায়িত্ব নেন তিনি।
মতবিনিয়কালে লিলি বেগম প্রধানমন্ত্রীকে জানান, তার সন্তানের ৮ মাস বয়সের সময় হঠাৎ অন্ধ হয়ে যান। পরে স্বামী তাকে ছেড়ে চলে যায়। বাবা-মা তাকে চিকিৎসা করাতে গিয়ে ভিটে বাড়ি খোয়ায়। তারপরও চিকিৎসা শেষ করা যায়নি। এখন তার সন্তানের বয়স ৮ বছর কিন্তু তার চোখ দিয়ে সন্তানকে দেখতে পারেন না। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারলেও দেখতে পারছিলেন না লিলি বেগম।
এসময় প্রধানমন্ত্রী চিকিৎসার অগ্রগতি জানতে চান এবং তার চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর পক্ষে পাবনার জেলা প্রশাসক লিলি বেগমের যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করবেন বলে তাৎক্ষণিক নিশ্চিত করেন।
ডেঙ্গু প্রসঙ্গে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাগ্রহীতাদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, যারা ঘর পেয়েছেন তারা ঘরের আশেপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। ঘরগুলোকে যত্ন করতে হবে। এখন ডেঙ্গু দেখা গেছে, কোথাও যেন পানি জমে না থাকে। মশার প্রজনন কেন্দ্র যেন না হয়, সেদিকে খেয়াল রাখবেন। বিদ্যুৎ ব্যবহারে আপনারা সাশ্রয়ী হবেন। জাতির পিতা এদেশ স্বাধীন করে দিয়ে গেছেন। দেশের একটি মানুষও অবহেলিত থাকবে না। সেটাই তার আকাঙ্ক্ষা ছিল। আমরা সেই আকাঙ্ক্ষাই পূরণ করছি।