০৩ অগাস্ট, ২০২৩ ১২:০৯ পিএম

চিকিৎসা সেবায় এগিয়ে চলছে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

চিকিৎসা সেবায় এগিয়ে চলছে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স
গরীব ও দুস্থ রোগিদের সমাজ সেবা দপ্তরের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে সহযোগিতা করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত জরায়ু মুখ ও স্তন ক্যান্সার পরীক্ষা করা হয়। প্রতিদিন অফিস সময়ে একজন প্রশিক্ষনপ্রাপ্ত নার্স দ্বারা ৩০ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের বিনামূল্যে এই পরীক্ষা করা হয়। এ ছাড়া সারা দেশের ন্যয় এই স্বাস্থ্য কমপ্লেক্সেও মাত্র ৩ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে সেবা পাচ্ছেন রোগীরা।

এই হাসপাতালে শয্যা সংখ্যাটি ৫০টি। বিশেষজ্ঞ চিকিৎসক আছেন ৬ জন। মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক্স, গাইনি, শিশু ও এনেস্থেশিয়া বিশেষজ্ঞের মাধ্যমে রেফারকৃত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। দন্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য এখানে একজন ডেন্টাল সার্জন রয়েছে।

বৈকালিক বিশেষ চিকিৎসা

সরকারি ছুটি বাদে প্রতিদিন বিকেলে সরকার নির্ধারিত ফি-এর বিনিময়ে বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার দ্বারা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। ২৪ ঘণ্টা একজন চিকিৎসক মোবাইল ফোনের মাধ্যমে রোগীদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় পরামর্শ দিয়ে থাকেন। যেটিকে টেলিমেডিসিন সেবা বলা হয়। এ ছাড়া জখম হওয়া রোগীদের পরীক্ষা করা হয় ও পরবর্তীতে প্রয়োজন হলে হাসপাতাল থেকে বিনামূল্যে জখমী সনদ প্রদান করা হয়।

গরীব ও দুস্থ রোগিদের সহযোগিতা করতে সমাজ সেবা দপ্তরের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা হয়।

স্বাভাবিক প্রসব

২৪ ঘণ্টাই প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফ ও নার্স দ্বারা বিনামূল্যে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে নিরাপদে বাচ্চা প্রসব করানো হয় এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গর্ভবতী মায়েদের নিয়মিত চেক আপ ও পরীক্ষা নিরীক্ষা করা হয় যত্ন সহকারে। এ ছাড়া মোবাইল ফোনের মাধ্যমে গর্ভবতী ও প্রসূতী মায়েদের খোঁজখবর নেওয়া হয়। গত জুলাই মাসে ৪২টি স্বাভাবিক ডেলিভারি হয়েছে এই হাসপাতালে।

সাধারণ অস্ত্রোপচার

অপারেশন থিয়েটারে হার্নিয়া হাইড্রোসিল টিউমারসহ বিভিন্ন মাইনর অপারেশন করা হয়। এছাড়া প্রয়োজনীয় সিজারসহ অন্যান্য জটিল অস্ত্রোপচারের ব্যবস্থাও শুরু হবে শিগগিরই।

পরীক্ষা-নিরীক্ষা

৮০ টাকায় ইসিজি, ১১০টাকা ও ২২০টাকায় দুই ধরনের আল্ট্রাসনোগ্রাম, ৫৫ ও ৭০ টাকায় দুই ধরনের এক্স-রে করা হয়। এছাড়া স্বল্পমূল্যে রক্ত, প্রস্রাব, ডায়াবেটিস, ডেঙ্গু, ও কোভিড-১৯ পরীক্ষাসহ অন্যান্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

যক্ষা রোগের চিকিৎসায় সর্বাধুনিক জিন এক্সপার্ট মেশিন দ্বারা কফ পরীক্ষাসহ যাবতীয় চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে এই হাসপাতালে। উপজেলার প্রায় ২ লক্ষ ৪৫ হাজারের অধিক মানুষকে বিনামূল্যে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এ ছাড়া কুকুর বিড়াল কামড়ানো মানুষকে জলাতংক রোগের ভ্যাকসিন দেওয়া হয়।

অ্যাম্বুলেন্স সেবা

সরকার নির্ধারিত নির্দিষ্ট ভাড়ার (প্রতি কিলোমিটার ১০ টাকা) বিনিময়ে রেফারকৃত রোগীদের ২৪ ঘণ্টাই অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হয়।

এক নজরে উপজেলার স্বাস্থ্য সেবা

উপজেলায় ১৯২ টি অস্থায়ী কেন্দ্র ও ১ টি স্থায়ী কেন্দ্রে শিডিউল অনুসারে স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে শিশুদের এবং ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের ১০টি রোগের জন্য প্রতিষেধক হিসেবে ৭টি টিকা  প্রদান করা হয়। বছরে দুই বার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। বছরে দুই বার ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের স্কুলে খুদে ডাক্তার কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়।

ভোটমারী, দলগ্রাম ও কাকিনা এই তিনটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে  সাব এসিসট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার ও মিডওয়াইফের মাধ্যমে বিনামুল্যে রোগীদের বিভিন্ন সেবা দেওয়া হয়। এ ছাড়া উপজেলায় ৩৫ টি কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপিদের মাধ্যমে বিভিন্ন সাধারণ রোগের জন্য রোগীদের প্রায় ৩০ রকমের ওষুধ বিনামূল্যে দেওয়া হয় ও অন্যান্য সেবা দেয়া হয়।

সেবার সামগ্রিক বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. দেবব্রত কুমার রায় মেডিভয়েসকে বলেন, জনবলের সীমবদ্ধতা নিয়ে উপজেলার মানুষের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করতেছি। পরীক্ষা-নিরীক্ষার কিছু মেশিন নষ্ট আছে, সেগুলো দ্রুত ঠিক করার সিদ্ধান্ত নিয়েছি। অফারেশন রুমের লাইট নষ্টের কারণে সিজারিয়ান ডেলিভারি করা যাচ্ছে না। লাইটের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। দ্রুত ব্যবস্থা করা হবে।

ইউএইচএফপিও আরও বলেন, রোগীদের আরামের জন্য লেবার রুমসহ হাসপাতালে ১২টি এসি লাগানো হয়েছে। মাইনর অপারেশন নিয়মিত হচ্ছে, তবে মেজর অপারেশন এখনও করা যাচ্ছে না। শিগগিরই শুরু করার উদ্যোগ নিয়েছি। আশা করি সফল হবো।

এএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক