পরোক্ষ ধূমপানের শিকার তিন কোটি মানুষ
মেডিভয়েস রিপোর্ট: দেশের ৩৭ শতাংশ মানুষ ধূমপান করেন। তাদের আশেপাশে অবস্থান করা প্রায় তিন কোটি মানুষ পরোক্ষভাবে ধূমপানের শিকার হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
আজ সোমবার (৩১ জুলাই) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাসের দাবিতে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
ডা. মো. আব্দুল আজিজ বলেন, সাম্প্রতিক সময়ে ই-সিগারেটের ব্যবহার বাড়ছে। যা আরও অধিক ক্ষতিকর। এটি প্রতিরোধে সমন্বিত উদ্যোগের প্রয়োজন। এ লক্ষ্যেই আইনটির খসড়া তৈরি করা হয়েছে। আশা করছি আইনটি দ্রুত পাস হয়ে যাবে।
তিনি বলেন, ধূমপানের পাশাপাশি জর্দা, গুল, সাদাপাতার মতো তামাকদ্রব্যের ব্যবহার কমাতেও উদ্যোগ নিতে হবে।
সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন নিয়ে ডা. আব্দুল আজিজ বলেন, প্রধানমন্ত্রীর তামাকমুক্ত বাংলাদেশ গঠনে এই আইন মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করি। আইনটি সংসদে যেন দ্রুত পাস হয় সে বিষয়ে আমরা অবশ্যই উদ্যোগ নেব। আশা করি সব বাধা অতিক্রম করে আমরা এটি বাস্তবায়ন করতে পারব। প্রধানমন্ত্রীর ঘোষিত লক্ষ্য অনুযায়ী আমাদের হাতে এখনও ১৭ বছর রয়েছে। আন্তরিকতার সঙ্গে কাজ করলে অনেক অসাধ্যকেও সাধন করা সম্ভব।