পুরুষ ও কর্মজীবীরা বেশি ডেঙ্গুতে আক্রান্ত
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু রোগে আক্রান্তদের মধ্যে কর্মজীবী মানুষ এবং পুরুষ রোগীর সংখ্যা বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।
জাহিদ মালেক বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত অধিকাংশের বয়সসীমা ২০ থেকে ৪০ বছর। সেই সঙ্গে কর্মজীবী মানুষ এবং পুরুষ রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে প্রায় ৬৩ শতাংশ পুরুষ এবং ৩৭ শতাংশ নারী। দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশ ঊর্ধ্বমুখী। বর্তমানে ১৪০টা দেশে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। আশপাশের দেশগুলোতে ৫০ হাজারের বেশি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। তবে আমাদের দেশে জনসংখ্যার অনুপাতে এখনো ডেঙ্গু রোগীর পরিমাণ সেভাবে বাড়েনি। তবে ডেঙ্গু রোগী বারুক, সেটা আমরা চাই না।’
তিনি বলেন, ‘আজকে আমরা উত্তর সিটি করপোরেশনের একটি হাসপাতাল এবং মুগদা হাসপাতাল পরিদর্শন করেছি। এখানে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। আমরা স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু মোকাবিলায় যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি দুই সিটি করপোরেশন ডেঙ্গু প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে ঢাকা শহরসহ সারাদেশে সাড়ে ২৮ হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে ঢাকা শহরে ডেঙ্গু রোগীর সংখ্যা সাড়ে ১৭ হাজার।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকার বাইরে অন্য জেলাগুলোতে সাড়ে ১০ হাজারের একটু বেশি। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫৬ জনের, যার মধ্যে ঢাকাতেই ১২২ জন। ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের। ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা যেমন বেশি সে তুলনায় মৃত্যুর সংখ্যা বেশি। আমাদের দেশে বর্তমানে ৬০টি জেলায় ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, বর্তমানে দেশের সবকটি হাসপাতালে প্রায় ছয় হাজারের একটু বেশি ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন, যার মধ্যে ঢাকাতেই আছে তিন হাজার রোগী এবং ঢাকার বাইরে আড়াই হাজার। ঢাকা শহরে বর্তমানে ডেঙ্গু রোগীর পরিমাণ স্থিতিশীল অবস্থায় আছে। কিন্তু ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান প্রমুখ।
এসএএইচ/এমইউ
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬