আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্য ডিজি
মেডিভয়েস রিপোর্ট: চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৪৬ জনে দাঁড়িয়েছে। আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকার এফডিসিতে ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা নিয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘গত বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১৬ হাজার, অথচ এ বছর ইতোমধ্যে তা ১৮ হাজার ছাড়িয়েছে। তবে এখনো জরুরি অবস্থা জারি অথবা মহামারি ঘোষণার মতো কোনো অবস্থা হয়নি। ডেঙ্গু আক্রান্ত রোগীরা দেরিতে হাসপাতালে আসায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে।’
স্বাস্থ্য মহাপরিচালক বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে পারস্পরিক দোষারোপ না করে সারা বছর ধরেই ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। ডেঙ্গুতে অসহায় পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে জরিমানায় আদায়কৃত অর্থ ও সিটি কর্পোরেশনের বিশেষ তহবিল থেকে সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে।’
স্বাস্থ্য ডিজি বলেন, ‘বেসরকারি সকল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার এনএস-১ টেস্ট ফি ৩০০, আইজিজি টেস্ট ফি ৩০০, আইজিএম টেস্ট ৩০০ ও সিবিসি টেস্ট ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য টেস্ট ফি, বেড ভাড়াসহ বিবিধ খরচ নির্ধারণে নীতিমালা তৈরি করা হচ্ছে। বেসরকারি হাসপাতালের মালিকরা এর জন্য একমাস সময় চেয়েছে। তবে শুধু আইন দিয়ে নয় মানবিক মূল্যবোধের মাধ্যমে বিবেকবান মানুষ হিসেবে বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করা উচিত।’
হাসপাতাল থেকে রোগীর ফিরিয়ে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ এবং সোহরাওয়ার্দী হাসপাতালে স্থান না থাকার কথা বলে ডেঙ্গু রোগী ফিরিয়ে দেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হবে।’
সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘৬৪ জেলায় ইতোমধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। তবে ঢাকায় এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। রাজধানীর দুই সিটি কর্পোরেশন শুধু বর্ষা মৌসুমে ডেঙ্গু নিয়ন্ত্রণে তৎপর থাকায় পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ডেঙ্গু এখন সারা বছরের রোগ। ডেঙ্গু প্রতিরোধে বছরব্যাপী কার্যক্রম পরিচালনা না করলে এর নিয়ন্ত্রণ সম্ভব হবে না।’
-
২১ জুন, ২০২৬
-
২০ জুন, ২০২৬
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬