ডা. মো. আরমান হোসেন রনি
চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা।
১৩ জুলাই, ২০২৩ ১২:১২ পিএম
ডেঙ্গুতে চোখের সমস্যা: প্রতিরোধে করণীয়
দেশে আশঙ্কাজনকভাবে বেড়ে চলছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। আক্রান্তদের অনেকেই আবার ডেঙ্গুজনিত চোখের সমস্যায়ও ভুগছেন। ডেঙ্গুতে নানা ধরনের চোখের জটিলতা দেখা দিতে পারে।
ডেঙ্গুর কারণে চোখের দৃষ্টি শক্তি কমে যেতে পারে। এ ছাড়া আরও যেসব সমস্যা দেখা দিতে পারে-
চোখ ব্যথা ও লাল
জ্বরের শুরুতে অন্য ভাইরাসজনিত জ্বরের মতো ডেঙ্গুতেও চোখের পিছনে ব্যথা, আলোর দিকে তাকাতে অস্বস্তি ও চোখ লাল হতে পারে। এতে ভয়ের কিছু নেই, দুই বা তিন দিনের মধ্যে নিজে নিজে এটি সেরে যায়।
রেটিনায় রক্তক্ষরণ
ডেঙ্গু জ্বরের একটি জটিলতা হলো রক্তে অনুচক্রিকা কমে গিয়ে দেহের নানা জায়গায় রক্তক্ষরণের আশঙ্কা বাড়িয়ে দেওয়া। চোখের ভেতরে বা পেছনের রেটিনায় এই রক্তক্ষরণ হতে পারে। জ্বরের পাঁচ থেকে সাত দিনের মাথায় এটি হওয়ার আশঙ্কা বেশি থাকে।
ম্যাকুলায় পানি জমা
রেটিনার কেন্দ্রীয় এলাকা ম্যাকুলা নামে পরিচিত। ডেঙ্গু রোগে ম্যাকুলায় পানি জমার ফলে দৃষ্টিশক্তি কমে যেতে পারে।
কনজাংটিভার নিচে রক্তক্ষরণ
কনজাংটিভা হলো একটি পর্দা, যা চোখ ও চোখের পাতা ঢেকে রাখে। ডেঙ্গুর ফলে কনজাংটিভর ভেতরে ছোট ছোট রক্তনালীগুলো ছিড়ে যেতে পারে বা আঘাতের ফলে স্কেলেরার উপরে একটি লাল অংশ হতে পারে, যার ফলে কনজাংটিভার নিচে রক্তক্ষরণ হতে পারে।
চোখের স্নায়ুর ক্ষতি
চোখের স্নায়ুর প্রদাহের ফলে দৃষ্টি শক্তি ঝাপসা হয়ে যেতে পারে। এ ছাড়া ডেঙ্গুর কারণে কোরিও রেটিনাইটিস, ভিট্রাইটিস, ইউভাইটিস ও প্যানোপথ্যালমাইটিস জটিলতা দেখা দিতে পারে।
প্রতিরোধে করণীয়
১. যদি আপনার পরিবারের কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন, তাহলে নিশ্চিত করুন যে, তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন এবং সবসময় জটিলতার দিকে নজর রাখুন।
২. জ্বরের প্রথম দিন থেকে যদি চোখে ব্যথা, লাল চোখ বা চোখে অস্বস্তি থাকে, তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। ব্যথার জন্য প্যারাসিটামলই যথেষ্ট। মনে রাখতে হবে, ডেঙ্গু রোগে ব্যথা কমার জন্য প্যারাসিটামল বাদে অন্য কোন ব্যাথানাশক ওষুধ চিকিৎসকের পরামর্শ ব্যতীত গ্রহণ করা যাবে না।
৩. চার-পাঁচ দিনের মধ্যেও চোখের ব্যথা, ঝাপসা দেখা ও অস্বস্তি ইত্যাদি না কমলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
৪. যেসব রোগীর রক্তে অনুচক্রিকা কম তাদের জ্বরের সাত দিনের মাথায় অন্তত একবার চোখ পরীক্ষা করানো ভালো। এছাড়া যে কোনো সময় দৃষ্টি শক্তি কমে এলে বা ঝাপসা দেখতে শুরু করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
৫. ডেঙ্গুজনিত বেশিরভাগ চোখের সমস্যা স্বল্প মেয়াদি, তবে কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘ মেয়াদি হতে পারে এমনকি দৃষ্টিশক্তি বিনষ্ট হতে পারে। কাজেই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।
প্রসঙ্গত, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১৬ হাজার ১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১১ হাজার একজন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন পাঁচ হাজার ১৪২ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ২৬৪ জন। ঢাকায় আট হাজার ৪০২ জন এবং ঢাকার বাইরে তিন হাজার ৮৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে।
এএইচ/
-
২৪ জুন, ২০২৬
-
২১ জুন, ২০২৬
-
২০ জুন, ২০২৬
-
১৮ জুন, ২০২৬
-
১২ মে, ২০২৬