সিভিল সার্জন ও হাসপাতাল তত্ত্বাবধায়কদেরকে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা
মেডিভয়েস রিপোর্ট: দেশের সকল জেলার সিভিল সার্জন ও হাসপাতাল তত্ত্বাবধায়কদেরকে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এসব নির্দেশনা দেন তিনি।
ঈদ পরবর্তীতে সিভিল সার্জন ও হাসপাতাল তত্ত্বাবধায়কদের কাজ কী কী, দেশের সব সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবামূলক কাজের মান কীভাবে আরো বৃদ্ধি করা যায়, কীভাবে হাসপাতালগুলো প্রতিদিনই পরিচ্ছন্ন রাখা যায়, নার্সদের ডিউটি বাড়িয়ে দিয়ে কীভাবে রোগীর সাথে অতিরিক্ত ভিজিটর কমানো যায়, নার্স ও ডাক্তারদের চলমান ডিউটি কতটা কার্যকর হচ্ছে এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত সচিব (হাসপাতাল) নাজমুল হক খান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), পরিচালক (পরিকল্পনা) ও বিভিন্ন জেলা থেকে আগত সিভিল সার্জন এবং হাসপাতাল তত্ত্বাবধায়কগণ।
এএইচ/