বক্তব্য প্রত্যাহারে ডা. সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ সেন্ট্রাল হাসপাতালের
মেডিভয়েস রিপোর্ট: সেন্ট্রাল হাসপাতাল নিয়ে ‘মানহানিকর বক্তব্য’ দেওয়ায় অধ্যাপক ডা. সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। এতে আগামী সাত দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
বুধবার (২১ জুন) ডা. সংযুক্তা সাহার বাসার ঠিকানায় এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
আজ বৃহস্পতিবার (২২ জুন) আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘গতকাল বুধবার (২১ জুন) ডা. সংযুক্তা সাহাকে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।’
তিনি আরও বলেন, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতাল নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়েও উল্লেখ করা হয়েছে।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন ডা. সংযুক্ত সাহা। আঁখি তার রোগী নন এবং হাসপাতাল তার সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে হাসপাতাল তার কাছ থেকে কোনও সম্মতি নেয়নি এবং প্রশ্ন তোলেন যে, অপারেশনের সময় তিনি উপস্থিত না থাকলে কীভাবে এই ঘটনার জন্য তাকে দায়ী করা যেতে পারে। এসব বক্তব্য শুধু ভিত্তিহীনই নয়, হাসপাতালের সুনামও ক্ষুণ্ণ করছে।
নোটিশে আরও বলা হয়, হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ ছাড়াই ডা. সংযুক্তা সাহা তার বাসভবনে একটি সংবাদ সম্মেলন করেন। তিনি শর্তাবলি লঙ্ঘন করেছেন এবং এমনভাবে কাজ করেছেন, যা হাসপাতালের ব্র্যান্ড ও সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।