প্রধানমন্ত্রীর হাত থেকে ‘বঙ্গবন্ধু স্কলার অ্যাওয়ার্ড’ নিলেন ডা. রাকিবুল আমিন
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিও ভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগের পোস্ট গ্রাজুয়েশনের শিক্ষার্থী ডা. রাকিবুল আমিন বিজয়।
আজ রোববার (১১ জুন) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. রাকিবুল আমিনের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই চিকিৎসক বলেন, ‘আজকের এই মঞ্চে বঙ্গবন্ধু স্কলার হিসেবে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত ও উজ্জ্ববিত মনে হচ্ছে। ভাষায় প্রকাশ করার কোনো অনুভূতি শব্দে হয়তো হবে না, ধন্যবাদ প্রধানমন্ত্রী।’
নিজের আবেগ প্রকাশ করতে গিয়ে ডা. রাকিবুল হাসান বলেন, ‘ঠিক পাঁচ বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে স্বর্ণপদক পড়িয়ে দিয়েছিলেন এমবিবিএসের ফলাফলের জন্য। তাঁর ঐশী র্স্পশে হয়তো আজকে আবার এখানে দাঁড়াতে পারার সুযোগ হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, পড়, তোমার প্রভুর নামে। আমরা পড়তে শিখেছি। স্রষ্টার অপার কৃপায় চিকিৎসক হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর ঐশী স্পর্শে হয়তো আবার আজকে এগিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যখাতে গবেষণা ও চিকিৎসকদের মান উন্নয়নে প্রধানমন্ত্রী সদয় সচেষ্ট। আজকের এই সম্মাননা ভবিষ্যৎ কার্ডিয়াক সার্জন হিসেবে আমার কর্ম চাঞ্চল্য বাড়াবে। বিনামূল্যে ছোট্ট শিশুদের ওপেন হার্ট সার্জারির যে বিশেষায়িত ইনস্টিটিউটের স্বপ্ন আমি দেখি, সে স্বপ্ন হয়তো এগিয়ে যাবে অনেক দূর।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসক হিসেবে দৃড় কণ্ঠে বলতে পারি বাংলাদেশের চিকিৎসকরা বিশ্ব মানের সেবাদানে সক্ষম, যা আমরা করোনাকালে প্রমাণ করেছি। বাংলাদেশের বরেণ্য চিকিৎসকরা আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বীকৃত। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর নিজের চিকিৎসার দায়িত্বও বাংলাদেশের চিকিৎসকদের হাতে দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আজকের অনুষ্ঠানে যে সম্মান ও অনুপ্রেরণা আপনি আমাকে দিলেন এবং তরুণ চিকিৎসকদের দিলেন, ইনশাআল্লাহ আমিসহ চিকিৎসক সমাজ অনেক গুণ এগিয়ে যাবে।’
-
১১ জুন, ২০২৩