প্রতিবন্ধী ব্যক্তির পরিচর্যাকারীদের জন্য স্বাস্থ্য ক্যাম্প
মেডিভয়েস রিপোর্ট: সাভারে প্রতিবন্ধী ব্যক্তির পরিচর্যাকারীদের (পঞ্চাশোর্ধ) জন্য স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) কেয়ারারস ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় সাভারের উলাইলে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) কার্যালয়ে এ ক্যাম্পেইন সম্পন্ন হয়।
এ সময় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোহাম্মদ সায়েমুল হুদা ক্যাম্পে বেশ কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তির পরিচর্যাকারীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন।
তিনি বলেন, ‘শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে যাঁদের জীবন চলমান, যারা শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে আছেন তাদের জীবনের সংগ্রাম বর্ণনাতীত। তাদের চেয়েও বেশি কঠিন যারা তাদের পরিচর্যার দায়িত্বে থাকেন। এসব মানুষের জীবন অনেক হতাশার এবং অনেক কষ্টের। প্রত্যেকেই হাইপ্রেশার, ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ অন্যান্য অসংক্রামক রোগে আক্রান্ত। আজ সেই সকল মানুষদের স্বাস্থ্য সেবার উদ্দেশ্যেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’
ডা. হুদা জানান, সাভার উপজেলার তেঁতুলঝোড়া, বনগাঁও, পাথালিয়া ও সাভার সদর ইউনিয়নে এরকম কেয়ারার আছেন এক হাজার ৮ জন। তারা নার্সদের চেয়েও বেশি প্রশিক্ষিত। কারণ একজন প্রতিবন্ধীকে তারা সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টাব্যাপী তাদের পাশে থেকে সেবা দিয়ে থাকেন। সাভারের সকল ইউনিয়নে এরকম দক্ষ কেয়ারার তৈরি করা গেলে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন ব্যাপক উপকৃত হবে।
এসএস