আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস
মেডিভয়েস রিপোর্ট: আজ ১৭ মে, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগ ও ইন্টারন্যাশনাল হাইপারটেনশন সোসাইটি এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন’।
ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগের (ডাব্লিউএইচএল) সদস্য হিসেবে হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, ২০০৬ সাল থেকে ১৭ মে দিবসটি পালন করে আসছে। এবছরও জনসচেতনতায় এ দিবসকে ঘিরে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
অসংক্রামক ব্যাধির মধ্যে অন্যতম হলো উচ্চ রক্তচাপ, যা প্রায়ই একটি স্থায়ী রোগ হিসেবে বিবেচিত। এর জন্য চিকিৎসা ও প্রতিরোধ খুবই জরুরী। তা না হলে বিভিন্ন জটিলতা, এমনকি হঠাৎ করে মৃত্যুরও ঝুঁকি থাকে।
চিকিৎসকরা জানান, বাংলাদেশে উচ্চ রক্তচাপ পরিস্থিতি উদ্বেগজনক। প্রাপ্তবয়স্কদের প্রতি পাঁচজনে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন। এজন্য কমিউনিটি ক্লিনিকগুলোতে উচ্চ রক্তচাপের ওষুধ এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করা জরুরি।