ডায়রিয়া প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য সেবা চালু রেখেছে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স
মেডিভয়েস রিপোর্ট: সম্প্রতি চট্টগ্রামের পটিয়া উপজেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এই রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
আজ সোমবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেইসবুক পেইজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলো হয়েছে, ‘উপজেলায় ডায়রিয়া প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সব্যসাচী নাথের নেতৃত্বে ক্লিনিকে আগত রোগীদের চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা প্রদান, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ কার্যক্রম চলছে।’
চিকিৎসক, এসএসিএমও, এসএসএন, স্বাস্থ্য পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারীসহ সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা নিয়মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন ইপিআই সেশনে এই সেবা চলমান রেখেছেন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।