ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রামে প্রস্তুত ২৮৪টি মেডিকেল টিম
মেডিভয়েস রিপোর্ট: ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় ২৮৪টি মেডিকেল টিম গঠন করেছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।
আজ শনিবার (১৩ মে) সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা সব ধরনে প্রস্তুতি সম্পন্ন করেছি। চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় ২০০টি ইউনিয়নের প্রতিটিতে মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে পাঁচটি করে ৭০টি, সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ৯টি আরবান ডিসপেনসারিতে ৯টি এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টিসহ মোট ২৮৪টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।’
ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, পর্যাপ্ত পরিমাণ খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও সাপে কাটা রোগীদের জন্য এন্টিভেনম রেডি করা আছে। ইমারজেন্সি কোনো দুর্ঘটনা ঘটলে বা রোগীর জন্য ইমারজেন্সি মেডিকেল রুম চালু রাখা আছে। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের মধ্যে ৪৬টা মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে।’