হাসপাতালে শিশু চুরির দায়ে স্বামী-স্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে শিশু চুরির দায়ে স্বামী-স্ত্রীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (৫ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজশাহীর মানব পাচার অপরাধ ট্রাইবুনালের বিচারক আয়েজ উদ্দিন এই রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার প্রধান আসামি মৌসুমি বেগমকে (২৬) ১০ বছর ও স্বামী সজীব আহম্মেদকে (২৯) ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
মানব পাচার অপরাধ ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ২০২১ সালের ২০ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে সিজারের মাধ্যমে মেয়ে সন্তানের জন্ম দেন শ্রী মাসুম রবির স্ত্রী। সন্তান জন্মের পরের দিন রাত ১০টার দিকে একই ওয়ার্ড থেকে নবজাতককে চুরি করেন মৌসুমি বেগম। এই ঘটনার পরের দিন মাসুম রবি বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের কারেন। মামলার এক দিন পরে শিশুটিকে রাজশাহী নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে পানির ট্যাঙ্কি এলাকা থেকে উদ্ধার করে এবং সজীব ও মৌসুমিকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি বলেন, ‘মামলা হয় ২০২১ সালের ২৩ জানুয়ারি। অভিযোগ গঠন হয়েছে একই বছরের ৯ সেপ্টেম্বর। মামলার রায়ে আমরা সন্তুষ্ট।’
আসামি পক্ষের আইনজীবী হাসানুল সোহাগ বলেন, ‘রায়ে আমরা সন্তষ্ট নই। আমরা উচ্চ আদালতে যাবো।’