‘বিশ্বে ব্যবহৃত ৯০ শতাংশ ওষুধের মূল উপাদান প্রকৃতির’
মেডিভয়েস রিপোর্ট: বর্তমান বিশ্বে ব্যবহৃত ৯০ শতাংশ ওষুধের মূল উপাদান প্রাকৃতিক উৎস থেকে পাওয়া বলে জানিয়েছেন দিল্লির জামিয়া হামদর্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহমেদ।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওষুধবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে এ কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি অনুষদ ও ফার্মাসি বিভাগ যৌথভাবে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে। আজ সন্ধ্যায় এই সম্মেলন শেষ হবে।
অধ্যাপক সৈয়দ আহমেদ বলেন, সনাতন চিকিৎসাবিদ্যার চর্চা যারা করছেন, তাদের কাছে প্রাকৃতিক উপাদানে তৈরি ওষুধের মান নিয়ে বৈজ্ঞানিক তথ্য কম পাওয়া যায়। সনাতন চিকিৎসার বিষয়ের দায়িত্বে আছে ভারত সরকারে আয়ুস মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১৫ লাখ সনাতন চিকিৎসক আছেন। তারা আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধ ও হোমিওপ্যাথির চর্চা করেন। তবে অনেক সনাতন চিকিৎসক রোগীকে যে ওষুদ ব্যবহারের পরামর্শ দেন, সেই ওষুধের মান সম্পর্কে সঠিক ধারণা রাখেন না। এটাই আধুনিক ও সনাতন ওষুধ ব্যবহারকারীদের মধ্যে একটি বড় পার্থক্য।
তিনি বলেন, বাজারে একই সঙ্গে প্যারাসিটামল ও অশ্বগন্ধা বিক্রি হয় বা কিনতে পাওয়া যায়। দুটি ওষুধ একই কাজে ব্যবহৃত হয়। প্রথম ওষুধটি ব্যবহারের পরামর্শ দেন অ্যালোপ্যাথিক চিকিৎসকেরা, দ্বিতীয়টি সনাতন চিকিৎসকেরা। প্রথম ওষুধটির মান কী অথবা ওষুটির মধ্যে কী উপাদান কী পরিমাণে আছে, তা জানার বা পরীক্ষা করার বৈজ্ঞানিক ব্যবস্থা আছে। কিন্তু অশ্বগন্ধার ক্ষেত্রে তা নেই। ভেষজ ওষুধের মান নিয়ন্ত্রণ করা, এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করা সনাতন চিকিৎসাপদ্ধতির জন্য চ্যালেঞ্জ।