‘কুষ্ঠ রোগীদের প্রতি বৈষম্যমূলক আচরণ রোধ জরুরি’
মেডিভয়েস রিপোর্ট: কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি বৈষম্যমূলক আচারণ রোধ করা জরুরি বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) কমিশনের কার্যালয়ে আসেন জাতিসংঘের কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি বৈষম্য বিলোপ বিষয়ক স্পেশাল র্যাপোটিয়ার এলিস ক্রুজ। তার সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এ সময় কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি বৈষম্য রোধ করার জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান এলিস ক্রুজ।
জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক ফারহানা সাঈদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, কুষ্ঠ রোগসহ যেকোনো রোগ-ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি সমাজের বৈষম্যমূলক মনোভাব দূরীকরণে সবার কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন। বৈষম্য বিলোপ আইনের খসড়ায় কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি বৈষম্য রোধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে।
তিনি বলেন, বাংলাদেশে কুষ্ঠ রোগের কথা এখন খুব একটা শোনা যায় না। সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের ফলে এই রোগ এখন বিলুপ্তির পথে। যদিও দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এই রোগের প্রকোপ দেখা যায়।