স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এগিয়ে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স
মেডিভয়েস রিপোর্ট: ২০২২ সালে রেকর্ড সংখ্যক রোগীকে স্বাস্থ্যসেবা দিয়ে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এগিয়ে রয়েছে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিপ্তরের ফেসবুক পেজে দেওয়া এক তথ্য বিবরণীতে এসব জানা গেছে।
২০২২ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটির স্বাস্থ্য সেবার পরিসংখ্যান
অধিদপ্তর জানিয়েছে, ২০২২ সালে বহির্বিভাগে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিয়েছেন ২১৫৪৩৬ জন রোগী, জরুরি বিভাগে সেবা নিয়েছেন ৪৫,৮৩৮ জন রোগী। অন্তঃবিভাগে সেবা নিয়েছেন ৮৪৫৭ জন, নরমাল ডেলিভারির সংখ্যা ছিল ৯৮৩টি, সিজারিয়ান অপোরেশনের সংখ্যা ছিল ৫৮টি, অন্যান্য মেজর অপরেশনের সংখ্যা ২৫টি। মোট প্রাপ্ত ইউজার ফি ছিল ৩৩ লাখ ৭০ হাজার ৮৬০ টাকা।
অধিদপ্তর আরও জানিয়েছে, এখানে বহির্বিভাগ, অন্তঃবিভাগ, প্যাথলজি, এক্সরে, আল্ট্রাসনোগ্রাম এবং সার্বক্ষণিক জরুরি সেবাসহ অ্যাম্বুলেন্স সার্ভিস চালু রয়েছে। এ ছাড়াও আইএমসিআই, এনসিডি, এএনসি, পিএনসি, ডটস ও ব্রেস্টফিডিংসহ বিভিন্ন কর্নার চালু রয়েছে। ফার্মেসি থেকে সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক কোর্সসহ ডায়াবেটিস ও প্রেশারের ঔষধ পুরো একমাসের প্রদান করা হয়। এ ছাড়াও কমিউনিটি আই ভিশন কর্নার রয়েছে, যেখান থেকে চক্ষু রোগীদের নিয়মিত সেবা প্রদান করা হয়। গাইনি কনসালটেন্ট ডা. কুলসুম আক্তার, সার্জারি কনসালটেন্ট ডা. তৌফিক আজিজ শাওন ও তাদের স্বাস্থ্য সেবাকর্মী দলদের মাধ্যমে সিজারিয়ান অপারেশনসহ অন্যান্য মেজর অপারেশন চলমান রয়েছে।
প্রসঙ্গত, যে কোনো রকম ডিমান্ড সাইড ফাইনান্সিং সাপোর্ট ছাড়াই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মাসে শতাধিক নরমাল ডেলিভারি হচ্ছে। জরায়ু মুখের ক্যান্সার নির্ণয়ের জন্য ভায়া পরীক্ষা স্বাস্থ্য কমপ্লেক্সে চলামান ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে আয়োজন করা হয়। ফলস্বরূপ ২০২২ সালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভাগীয় পর্যায়ে সেরা ভায়া ও সিবিই কেন্দ্র হিসাবে ১ম স্থান অর্জনের কৃতিত্ব লাভ করে।
কুমিল্লা জেলার সাবেক সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেনের নিদের্শনায় গর্ভবতী মায়েদের ডেলিভারি সংক্রান্ত জটিলতা কমাতে ‘আর কোনও ভাবনা নয় প্রাতিষ্ঠানিক ডেলিভারি সব সময়, এই স্লোগানকে সামনে রেখে ইউনিয়ন ভিত্তিক নিরলস কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সটির ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীরা।
এই ধারাবাহিকতায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতায় ঘোলপাশা ইউনিয়নকে শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারির আওতায় আনার প্রচেষ্টা চলমান রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছেন কুমিল্লা-১১ আসনের (চৌদ্দগ্রাম) মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুল হক মুজিব মহোদয়।
পরিশেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির এহেন সফলতার পেছনে রয়েছে সকল কনসালটেন্ট, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, এইচআই, এএইচআই, সিএইচসিপিসহ সকল ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীবৃন্দের নিরলস পরিশ্রম।