৩১ ডিসেম্বর, ২০২২ ০৪:৫১ পিএম

বাত রোগে ভুগছেন দেশের কোটিরও বেশি মানুষ

বাত রোগে ভুগছেন দেশের কোটিরও বেশি মানুষ
নজরুল ইসলাম বলেন, বাত রোগগুলোর যথার্থ চিকিৎসার অভাবে কর্মক্ষম মানুষ যেমন অক্ষম হন তেমনি পরিবারগুলোও দরিদ্র হতে থাকে।

মেডিভয়েস রিপোর্ট: মানুষের জীবনের সঙ্গে বাত রোগ অনেকটা ওতপ্রোতভাবে জড়িত। যে কোনো বয়সে এই রোগ হতে পারে। শরীরের কোনো না কোনো অঙ্গে ব্যথা বেদনার কষ্টের প্রকোপ আমাদের দেশের ২৬ শতাংশ মানুষের। ৬৪৪ প্রকারের বাত ব্যথা মেডিসিন বিভাগের রিউমাটোলজির রোগ হিসেবে পরিচিত বলে জানিয়েছেন বাতরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, এতসব রোগের মধ্যে বেশি প্রকোপের রোগগুলো হলো- অস্ট্রিও আথ্রাইটিস, অস্ট্রিপোরোসিস বা হাড়ক্ষয় রোগ, মাজাব্যথা বাত বা স্পনডাইলো আথ্রাইটিস, SLE বা লুপুস। এ ছাড়া সেপটিক আর্থারাইটিস, রিয়্যাক্টিভ আর্থারাইটিসেও ভুগছেন দেশের অনেক মানুষ।

আজ শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে বাত রোগীদের সচেতনতামূলক অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি। 

বাত রোগীদের নিয়ে রিসার্চের তথ্য উপাত্তের কথা তুলে ধরে এই চিকিৎসক বলেন, বাংলাদেশের উপাত্ত অনুযায়ী বর্তমানে প্রায় ৩৫ লাখ নারী-পুরুষ হাঁড়ক্ষয় রোগে, প্রায় ১৭ লাখ মানুষ রিউমাটয়েড আর্থারাইটিস, প্রায় ৮০ লাখ মানুষ ওয়ে নি বা হাঁটুব্যথা বাতে এবং প্রায় ১৩ লাখ মানুষ মাজাব্যথা বা স্পনডাইলো আথ্রাইটিস রোগে ভুগছেন।

প্রফেসর নজরুল রিউমাটোলোজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ (পিএনআর এফআর) ট্রাস্ট কর্তৃক সপ্তমবারের মতো এই রোগী সচেতনতামূলক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে বাত রোগের ভোগা কয়েকশ রোগী ও তাদের স্বজনরা অংশ নেন।

অনুষ্ঠানে রোগীরা তাদের বাত ব্যথার কষ্টের কথাগুলো তুলে ধরেন। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে বাত রোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিকারের উপায় নিয়ে সায়েন্টিফিক প্রেজেন্টেশন দেয়া হয়।

বাত রোগে আক্রান্তদের কষ্টের কথা তুলে ধরে ডা. নজরুল ইসলাম বলেন, আক্রান্তের হার থেকে দেখা যায় বাতের রোগগুলো অনেক মানুষকে কষ্টে রাখে। রোগগুলোর যথার্থ চিকিৎসার অভাবে কর্মক্ষম মানুষ যেমন অক্ষম হন তেমনি পরিবারগুলোও দরিদ্র হতে থাকে। তাই সবার আগে জরুরি যথাসময়ে রোগ নির্ণয় এবং উপযুক্ত চিকিৎসা। তবে বাস্তবতা হলো আমরা নিজেরা সচেতন নই। পাশাপাশি রোগী ও তাদের স্বজনদের চিকিৎসার সামর্থের অভাব রয়েছে।

বাত রোগের সুচিকিৎসার জন্য আরও গোছানো ও অনেকগুলো চিকিৎসা প্রতিষ্ঠান এবং বাতরোগ বিশেষজ্ঞ প্রয়োজন বলেও মনে করেন চিকিৎসক ডা. নজরুল ইসলাম।

এই রোগের প্রতিকারের পরামর্শ দিতে গিয়ে এই চিকিৎসক বলেন, নিয়মতান্ত্রিক জীবন, সুষম খাদ্যগ্রহণ, প্রয়োজনীয় ভ্যাকসিন নেয়া, নিয়মিত প্রয়োজনীয় ব্যয়াম করা, জীবন যাপনে চিকিৎসকের নির্দেশনা মেনে চলা এবং নিয়ম করে ওষুধ সেবন করা সবার আগে জরুরি। কারণ বাতের রোগের চিকিৎসায় ব্যথানাশকের প্রয়োজন আছে। কিন্তু তা পরীক্ষা- নিরীক্ষা না করে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া খেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপের মতো বাতের রোগগুলো নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, বাতের রোগগুলোও চিকিৎসায় ভালো থাকে। তাই যতদিন যেমন করে ওষুধ খেতে হবে তা চালিয়ে যেতে হবে। যথাযথ চিকিৎসার অভাবে পঙ্গু হয়ে যাওয়া আমাদের কারো কাম্য নয়। সরকার যা করছেন এর বাইরেও বাত রোগীদের জন্য বেসরকারি উদ্যোগ অত্যন্ত জরুরি বলেও মনে করেন এই চিকিৎসক।

তিনি বলেন, তেমন একটি উদ্যোগী প্রতিষ্ঠান প্রফেসর নজরুল রিউমাটোলোজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ (পিএনআর এফআর) ট্রাস্ট। প্রতিষ্ঠার পর থেকে এই ট্রাস্ট বাতরোগীদের জীবনযাপন সহজ করা, চিকিৎসা পরামর্শ দিয়ে আসছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন বলেন, দেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা ৩১ থেকে বাড়িয়ে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। সব ধরনের চিকিৎসা গ্রামের গরিব অসহায় মানুষ পাচ্ছেন। জেলা হাসপাতালগুলোকে ৫০ শয্যা থেকে ২৫০ শয্যা,  ২৫০ শয্যারগুলোকে  ৫০০ শয্যায় উন্নীত করা হয়েছে।

তিনি বলেন, দেশে নতুন প্রায় ৩৩টি সরকারি এবং ৭৩টি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। ঢাকা শহরে ১০টি স্পেশালাইজড হাসপাতাল করা হয়েছে। এসব স্থানে অত্যন্ত উন্নতমানের চিকিৎসা সেবা দেওয়া হয়। আজকে বাংলাদেশের মানুষ দেশেই সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসা সেবা পাচ্ছেন। এ সব কিছুর পেছনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান রয়েছে।

অনুষ্ঠানে পিএনআরএফআর চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পথিকৃৎ ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সাইন্সের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক লিয়াকত আলী, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম কামাল হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ফাউন্ডেশনের সাবেক সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক