প্রথম বাংলাদেশি হিসেবে ‘এপলার মাস্টার এওয়ার্ড’ পেলেন অধ্যাপক সৈয়দ আতিক
মেডিভয়েস রিপোর্ট: রিউমাটোলজির চিকিৎসায় অবদানের স্বীকৃতি স্বরূপ ‘এপলার মাস্টার এওয়ার্ড ২০২২’ পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউমাটোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক। প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবে তিনি এ পুরস্কার পেয়েছেন।
রিউমাটোলজি বিষয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক জার্নালে এই গুণী চিকিৎসকের নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি চিকিৎসক সমিতি এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি। ১৯৯৭ সালে চিকিৎসা বিজ্ঞানের অবদানের জন্য তাঁকে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি থেকে স্বর্ণপদক দেওয়া হয়েছিল।
ডা. সৈয়দ আতিকুল হক ২০০৯-২০১২ বিএসএমএমইউ’র মেডিসিন বিভাগের প্রধান ছিলেন। পরবর্তীতে তিনি রিউমাটোলজি বিভাগে যোগদান করেন। ২০১৮-২০ মেয়াদে রিউমাটোলজির জন্য এশিয়া প্যাসিফিক লিগ অব অ্যাসোসিয়েশনগুলোর সভাপতি ছিলেন ডা. আতিকুল হক।
চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন অবদান রাখা এই চিকিৎসকের জন্ম চট্টগ্রামে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স থেকে এফসিপিএস (মেডিসিন) ডিগ্রি অর্জন করেন।
প্রসঙ্গত, ১৯৬৩ সালে চারটি দেশ নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে এপলার প্রতিষ্ঠিত হয়েছিল। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও নিউজিল্যান্ড। চারটি দেশে মিলে SEAPAL (দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্যাসিফিক এরিয়া লীগ অ্যাগেইনস্ট রিউম্যাটিজম) গঠন করেছে। এপলারের প্রথম কংগ্রেস ১৯৬৮ সালে ভারতের বিখ্যাত তাজমহল হোটেলে অনুষ্ঠিত হয়েছিল।
এপলার জাতীয় সংস্থার সদস্যকে শিক্ষাদান, গবেষণা বা পেশাদার পরিষেবার মাধ্যমে রিউমাটোলজি ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া একটি সম্মানসূচক পুরস্কার হলো ‘এপলার মাস্টার এওয়ার্ড’। এই অবদানগুলো এপলার অঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলে।