০৮ ডিসেম্বর, ২০২২ ০৪:২১ পিএম

নোটিস সংশোধন, রেসিডেন্সি পরীক্ষার ফি বাড়ছে ২০%

নোটিস সংশোধন, রেসিডেন্সি পরীক্ষার ফি বাড়ছে ২০%
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমডি-এমএস ফেজ-‘এ’ ও ফেজ-‘বি’ পরীক্ষার ফি বাড়বে ২০%। অর্থ বিভাগের পরামর্শের ভিত্তিতে শিক্ষার্থীদের সামর্থ বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত ইনস্টিটিউটগুলোতে এমডি-এমএস কোর্সে অধ্যয়নরতদের পরীক্ষার ফি প্রায় শতভাগ বাড়ানোর সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফি বাড়বে ২০ শতাংশ। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অর্থ বিভাগের পরামর্শের ভিত্তিতে শিক্ষার্থীদের সামর্থ মাথায় রেখে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

বিএসএমএমইউ ভিসি বলেন, ‘ওয়েবসাইটে প্রকাশিত নোটিসে ফেজ-‘এ’র পরীক্ষার জন্য ২০ হাজার টাকা ও ফেজ-‘বি’র জন্য ২২ হাজার টাকা নির্ধারণের বিষয়টি পরিবর্তন করা হবে। পরীক্ষার ফি ২০ শতাংশ বাড়ানোর বিষয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে।’

অধ্যাপক শারফুদ্দিন বলেন, ‘বিগত ১৫ বছরে রেসিডেন্সি পরীক্ষার ফি বাড়ানো হয়নি। এখন ২০ ভাগ বাড়ানোর জন্য আমাদের অর্থ কমিটি একটি পরামর্শ দিয়েছে। এটা শিক্ষার্থীদের জন্য সহনীয় হবে মনে করেই আমরা এমনটি ভেবেছি। আমরা মনে করি, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০ ভাগ বৃদ্ধি গ্রহণযোগ্য। এর বেশি করা হবে না। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে শিক্ষার্থীদের পর্যাপ্ত সুবিধা দেওয়ার এবং সকল খরচ সহনীয় পর্যায়ে রাখার।’ 

আগে রেসিডেন্সি কোর্সের ফেজ-‘এ’র জন্য ১০ হাজার ২৫০ টাকা এবং ফেজ-‘বি’র জন্য ফি ছিল ১১ হাজার ৪৫০ টাকা।

তিনি বলেন, ‘সংশোধিত নোটিসে, এর সঙ্গে ২০ শতাংশ যোগ করা হবে। শিক্ষার্থীদের সামর্থ বিবেচনায় নিয়েই তা করা হচ্ছে, সুতরাং তাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন মেডিভয়েসকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের অর্থ কমিটিতে আলোচনা হয়েছে। আমরা পরীক্ষার ফি ২০ ভাগ বাড়িয়েছি। আমাদের ব্যয়ভার যেহেতু বেড়েছে, সেহেতু ব্যয় সংকুলানের জন্য এ বৃদ্ধি হয়েছে। মনে রাখতে হবে, এই ফি বিএসএমএমইউর আয়ের উৎস না। শিক্ষার্থী ভাই ও বোনদের বিচলিত হওয়ার কিছু নেই। বর্তমান পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে তাদের সক্ষমতার মধ্যেই এটা হয়েছে।’

তিনি বলেন, ‘শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম চালাতে গিয়ে ভর্তুকি দিতে হয়। এর পরিমাণ বেড়ে গেলে আমরা কুলাতে পারবো না। পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের খরচ পরীক্ষার্থীদের ফি দিয়েই মিটানো হয়। এর জন্য আমরা আলাদা বরাদ্দ পাই না।’ 

‘১০ বছর আগে কোর্স চালু হওয়ার পর প্রথমবারের মতো বাড়ানো হলো। মাঝখানে একবার ফি কমিয়েও দেওয়া হয়েছিল। সুতরাং এখনকার বৃদ্ধিটা খুব ভেবে-চিন্তেই করা হয়েছে। আমাদের ছেলে-মেয়ে, ভাই-বোনেরাই তো উচ্চশিক্ষার প্রশিক্ষণে অধ্যয়নরত’, যোগ করেন বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর।  

এর আগে গত ছয় ডিসেম্বর বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রকাশিত নোটিসে বলা হয়, এমডি-এমএস, ফেজ-‘এ’র পরীক্ষার ফি ২০ হাজার ও ফেজ-‘বি’র ফি ২২ হাজার টাকা করা হলো। নোটিসে জরিমানা ফি ৫০০ থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়। 

এ ছাড়া কোর্স আউট শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা জরিমানাসহ ফি যথাক্রমে ৭০ হাজার টাকা ও ৭২ হাজার টাকা করা হয়। 

নোটিসে পরীক্ষার ফি প্রায় দ্বিগুণ বৃদ্ধির ফলে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা কর্তৃপক্ষের কাছে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। 

নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) অর্থোপেডিক সার্জারিতে এমএস অধ্যয়নরত এক শিক্ষার্থী মেডিভয়েসকে বলেন, ২০১৭ সালের ২০ নভেম্বর গৃহীত সিদ্ধান্তের আলোকে বেসরকারি রেসিডেন্টদের ভাতা ২০ হাজার টাকা করা হয়। এই পাঁচ বছরে আবাসন থেকে শুরু করে খাদ্য, বস্ত্র চিকিৎসার ব্যয় বেড়েছে কয়েকগুণ। মাত্র ৩/৪ বছর আগেই যে রুম ভাড়া ছিল ৩ হাজার টাকা, তা হয়েছে ৭-৮ হাজার টাকা। খাওয়ার খরচও বেড়েছে কয়েকগুণ, জ্বালানির দাম বাড়ার সাথে সাথে যাতায়াত খরচ ও বেড়েছে দুইগুণের মতো।

‘অথচ বেসরকারি রেসিডেন্টদের ভাতা এক টাকাও বাড়েনি। এতে তাদের জীবন নির্বাহ করা কঠিন থেকে কঠিনতর হচ্ছে, এবার আবার মরার উপর খাঁড়ার ঘা এর মতো ফেজ-‘এ’ ও ফেজ-‘বি’র পরীক্ষা ফি করা হয়েছে যথাক্রমে ২০ হাজার টাকা ও ২২ হাজার টাকা, যা ৬ মাস আগেও ছিল যথাক্রমে ১০ হাজার ২৫০ টাকা ও ১১ হাজার ৪৫০ টাকা। মাত্র ৬ মাসের ব্যবধানে পরীক্ষা ফি দ্বিগুণ করা হয়েছে! এখন আমরা পড়াশোনা কি করবো! বাড়তি টাকা কিভাবে জোগাড় করবো সেই চিন্তায় আছি’, যোগ করেন তিনি।

এরই মধ্যে ফি বাড়ানোর নোটিসের সংশোধনীর তথ্য এলো মেডিভয়েসের কাছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত