কুমিল্লায় ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা, তিন মাসের কারাদণ্ড
মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এমবিবিএস পাস না করেও এমবিবিএস-এফসিপিএস ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা প্রদান করার দায়ে সঞ্জয় পাল নামের এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারে অবস্থিত নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ওই অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রামের সহকারী কমিশনার(ভূমি) তমালিকা দে।
জানতে চাইলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুণবতী বাজারে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বিএমডিসির রেজিস্ট্রেশন এবং ডাক্তারি পাশের কোনো ডকুমেন্টস না দেখাতে পারায় ও নামের সঙ্গে এমবিবিএস ও এফসিপিএস ডিগ্রি ব্যবহার ও চিকিৎসা প্রদান করার দায়ে সঞ্জয় পালকে ৩ মাসের কারদাণ্ড দেওয়া হয়েছে।
এসময় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম কিবরিয়া টিপু উপস্থিত ছিলেন। অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার(ভূমি) তমালিকা দে।