বিএসএমএমইউতে মরণোত্তর দেহদান
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এনাটমি বিভাগকে মরণোত্তর দেহদান করেছেন ঠাকুরগাঁওয়ের জামিলা রুপাশা কান্তা (৪৩) নামে এক ব্যক্তি।
আজ রোববার (১৬ অক্টোবর) বিএসএমএমইউ’র অফিসিয়াল ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
প্রয়াত জামিলা রুপাশা কান্তার মরদেহটি বিএসএমএমইউ’র এনাটমি বিভাগে সংরক্ষণ, শিক্ষণ-প্রশিক্ষণ এবং গবেষণার কাজে ব্যবহারের জন্য অনুমতিপত্র প্রদান করেন নিহতের বোন শাকিলা রুপাশা।
এ সময় উপস্থিত ছিলেন, বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু, বিভাগটির সাবেক অধ্যাপক ডা. খন্দকার মোনাজারে শামীম , অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমিন, রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক (অবসরপ্রাপ্ত), এনাটমি বিভাগের সকল শিক্ষক-কর্মচারী এবং রেসিডেন্টবৃন্দ।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এই ধরনের মহৎ উদ্যোগের প্রশংসা করে রুপাশার একমাত্র কন্যা নাদিয়া মনস্থিতাসহ পরিবারের সকলের এই ত্যাগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সেই সাথে দেশের সকলকে এই রকম মহতী কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
মরদেহটি ভিসির সদয় অনুমতি এবং উপস্থিতিতে সম্পূর্ণ এনাটমি বিভাগের জন্য প্ল্যাস্টিনেশন করা হয়। এমবাম্বিং প্রক্রিয়ার শুরুতে এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানুর পরিচালনায় এনাটমি বিভাগের সকল শিক্ষক, কর্মচারী ও রেসিডেন্টদের অংশগ্রহণে মরদেহের যথোচিত সম্মান পবিত্রতা রক্ষার জন্য শপথ করা হয়।